দেশ

বিহার বিধানসভায় চরম উত্তেজনা, নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে নীতীশ

Extreme tension in the Bihar Assembly, Nitish in the debate with misogynist comments

The Truth Of Bengal: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নারীবিদ্বেষী মন্তব্য। আরজেডির মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে ‘কুকথা’ বললেন বিহারের মুখ্যমন্ত্রী। বিরোধীদের বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ হারিয়েই এরকম মন্তব্য করে বসলেন তিনি। চড়া মেজাজেই মহিলা বিধায়ককে বললেন, ‘তুমি মহিলা। কিছুই বোঝ না।’ তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

বিহার বিধানসভায় বর্তমানে বাদল অধিবেশন চলছে। বুধবার এনডিএ সরকারের বিরুদ্ধে সেখানেই সংরক্ষণ ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিরোধিদের দাবি গত বছর পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য যে সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল তা নবম অনুচ্ছেদে সামিল করা হোক। নীতীশ কুমার বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছি। বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।’ তবে তাঁর আশ্বাসে কোনোরকম কাজ হয়নি। বিরোধী শিবির থেকে আরজেডির মহিলা বিধায়ক রেখা দেবী তখন স্লোগান দিচ্ছিলেন। নীতীশ তাঁর উপর মেজাজ হারিয়ে বলেন, “আপনি তো একজন মহিলা। কিছুই বোঝেন না। কোথা থেকে হাজির হয়, জীবনে কিছু করেছে? ২০০৫ সালের পর থেকে আমরাই মহিলাদের এগিয়ে নিয়ে গিয়েছি।” নীতীশ আরও বলেন, “এখন আমি কথা বলছি। চুপচাপ আমার কথা শোন।”

নীতীশের একজন মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে এমন নারীবিদ্বেষী মন্তব্যে বিতর্ক চরম আকার নিয়েছে। এনডিএ মুখে যতই নারী ক্ষমতায়ণের গালভরা ভাষণ দিক না কেন, আসলে ওদের অন্তর নারী বিদ্বেষে ভরা এমনটাই অভিযোগ বিরোধীদের। উত্তেজনায় সবসময় এদের সেই দানবীয় দিকটিই প্রকাশ্যে চলে আসে। জানা যাচ্ছে, বিহারের বিরোধী শিবির এমন বিতর্কিত মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাতে পারে।

নীতীশের মন্তব্যের পর বিরোধীরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘হায় হায়’ স্লোগান দিতে থাকে। ওই অবস্থায় মুখ্যমন্ত্রী নিজের আসন ছেড়ে উঠে পড়েন। তিনি বলেন, আপনারা সবাই ‘হায় হায়’। আমার কথা যদি আপনারা শুনতে না চান তাহলে তা আপনাদের সমস্যা। বিধানসভার অধ্যক্ষ বুধবার বিহার বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির জেরে অধিবেশন মুলতুবি করেন।

Related Articles