আমুলের বাটারমিল্ক খুলতেই চক্ষু চড়কগাছ! প্যাকেটের ভিতর এ কী ভাসছে?
হাই প্রোটিন বাটারমিল্কের ভেতরে এমন কিছু রয়েছে যা দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
Truth of Bengal: জনপ্রিয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুলের বাটারমিল্কের প্যাকেটে ‘সন্দেহজনক’ বস্তুর উপস্থিতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। এক উপভোক্তা প্যাকেট খুলে ভেতরে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে সেই অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল। ওই ব্যবহারকারীর দাবি, হাই প্রোটিন বাটারমিল্কের ভেতরে এমন কিছু রয়েছে যা দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
ইনস্টাগ্রামে ‘কবীর৭৬০’ নামক প্রোফাইল থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাটারমিল্কের ভেতরে কাগজের টুকরো বা ভিজে নরম কোনো পদার্থ ভাসছে। তবে সেই বস্তুটি ঠিক কী, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই আমুল ব্র্যান্ডের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার অতীতে বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে আমুলের দইয়ে পোকা পাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে এনেছেন।
View this post on Instagram
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে আমুল কর্তৃপক্ষ। ভিডিওর কমেন্ট সেকশনে তারা গ্রাহকের কাছে দুঃখপ্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে ওই ব্যক্তিকে তাঁর অর্ডার আইডি এবং বিশদ তথ্য দিয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে, যাতে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো খাদ্য নিরাপত্তা সংস্থা বা আমুলের পক্ষ থেকে ওই বস্তুটির রাসায়নিক গঠন নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অনেক গ্রাহক যেখানে স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে আতঙ্কিত, সেখানে কেউ কেউ উপহাস করে ওই সন্দেহজনক বস্তুটিকে ‘প্রোটিনের মালাই’ বলে কটাক্ষ করেছেন। আমুলের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য নিয়ে বারবার এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






