দেশ

লোকসভার স্পিকার পদে ওম বিড়লার বিরুদ্ধে প্রার্থী হলেন কে সুরেশ

K Suresh is the candidate against Om Birla for the post of Lok Sabha Speaker

The Truth Of Bengal :  বিরোধী শিবির থেকে লোকসভার স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা। প্রার্থী হলেন কংগ্রেসের কে সুরেশ। মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ওম বিড়লাকে ১৮তম লোকসভার স্পিকার পদের প্রার্থী হিসাবে মনোনীত করেছে। তাঁর বিরুদ্ধে বিরোধীরা প্রার্থী করেছে আটবারের সাংসদ কে সুরেশকে। লোকসভা স্পিকার নির্বাচনের তারিখ আগামী ২৬ জুন। লোকসভার স্পিকার সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভোটে নির্বাচিত হন। এবার নির্বাচিত হলে ওম বিড়লা টানা দ্বিতীয় মেয়াদে সংসদের নিম্নকক্ষের স্পিকার হবেন। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদের স্পিকার হিসেবে কাজ করেছেন।

ওম  বিড়লা যদি আবার লোকসভার স্পিকার হন, তা হলে তিনি কংগ্রেসের বলরাম জাখরের রেকর্ড ছোঁবেন। যিনি এর আগে দু’বার স্পিকার নির্বাচিত হয়েছিলেন। তিন দশকেরও বেশি সময়ে  বিড়লাই একমাত্র স্পিকার যিনি পুনরায় স্পিকার পদে নির্বাচিত হয়েছেন।

কংগ্রেস সাংসদ কে সুরেশ স্পিকার পদে মনোনয়নপত্র জমা দেওয়ায় ইতিহাস তৈরি হল সংসদে। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। এর আগে কংগ্রেস জানিয়েছিল, বিরোধীদের যদি ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয়, তা হলে তারা স্পিকার পদে শাসক দলের প্রার্থীকে সমর্থন করবে। শেষপর্যন্ত তা না হওয়ায় স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে।

কে সুরেশ এই নিয়ে আটবারের সাংসদ। এবার কেরলের মাভেলিক্কারা থেকে জিতেছেন তিনি।  তিনি প্রথম ১৯৮৯ সালে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছিলেন তিনি। কে সুরেশ এখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। সব চেয়ে বেশিবারের সাংসদ হিসেবে এবার তাঁর প্রোটেম স্পিকার হওয়ার কথা ছিল। কিন্তু, তাঁকে প্রোটেম স্পিকার করা হয়নি। বদলে লোকসভার প্রোটেম স্পিকার হন ওড়িশার সাত বারের সাংসদ ভর্তৃহরি মহতাব। প্রোটেম স্পিকার হিসেবে শাসক-বিরোধী মতানৈক্য সামনে এসে পড়ে। এবার ডেপুটি স্পিকার বিরোধীদের না দেওয়ায় স্পিকার পদের ভোট হতে চলেছে। শাসক শিবিরের প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে প্রার্থী হলেন কংগ্রেসের কে সুরেশ।