রাজ্যের খবর

কৃষ্ণনগরে মোদি: ‘বিরোধীরা বিরোধীই থাকবে’, এক কেন্দ্রে দু-বার প্রচারে কেন? পাল্টা কটাক্ষ বিরোধীদের

Pm modi vote campaigning on krishnanagar

The Truth of Bengal: ভোটের প্রচারে আবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করে গিয়েছিলেন। আবার সেই প্রার্থীর হয়ে প্রচারে এলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, তৃণমূলের হাত থেকে আসনটি জেতার জন্য পাখির চোখ করেছে বিজেপি। এদিন তেহট্টের সভায় শুরু থেকেই তৃণমূলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।

সভায় মোদি বলেন, ‘তৃণমূল গোটা দেশে ১৫টি সিট পাবে না। যদি ১৫টি সিট পায় তা হলে কি তৃণমূল সরকার গড়তে পারবে? কংগ্রেস সব শক্তি কাজে লাগালেও ৫০টি পাওয়া তাদের পক্ষে কঠিন। যারা ৫০টি সিট পাবে না তারা কি সরকার গড়তে পারবে? আজ অস্ত গিয়েছে বামেরা। তারা কি সরকার গড়তে পারবে? যদি কেউ সরকার গড়তে পারে, তা হলে তা পারবে বিজেপি। বিরোধীরা লড়ছে দ্বিতীয় স্থানে সব চেয়ে বড় দল হতে পারবে কে তার জন্য।‘

ফের জোর গলায় সরকার গড়ার দাবি করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। যদিও, প্রথম দুই দফার ভোটের হার দেখে রাজনৈতিক মহলের বক্তব্য, চাপে আছে বিজেপি। বিজেপির পক্ষে দেশে এবার আগের মতো হাওয়া দেখা যাচ্ছে না। মোদির তৃণমূলকে কটাক্ষ প্রসঙ্গে রাজ্যের শাসক দলের এক বর্ষীয়ান নেতা পাল্টা বলেছেন, বিজেপির পক্ষে হাওয়া থাকলে এই কৃষ্ণনগরে দু-বার আসতে হল কেন মোদিকে? প্রধানমন্ত্রীর মতো ব্যক্তি যখন একটি কেন্দ্রে দু-বার প্রচারে আসছেন তখন বুঝতে হবে, হাওয়া বিজেপির অনুকূলে নেই।

Related Articles