
The Truth Of Bengal: ১৬ মার্চ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন-সংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল শুরু হতে তিন দিন সময় লাগে। ওই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে দুই দিন পর ১৮ মার্চ রাতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
পবিত্র ঈদুল ফিতরের আগে এই বড় দুটি ট্রেন দুর্ঘটনার পর নিরাপদ যাত্রার ব্যাপারে তৎপর হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের সময় ঘরমুখী মানুষ নতুন করে কোনো দুর্ঘটনার কবলে না পড়েন, সে জন্য রেল আধিকারিক ও কর্মচারীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। রোবিবার রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধানের স্বাক্ষরিত এক নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশিকায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুষ্ঠু, নিরাপদ ও সময়মতো ট্রেন পরিচালনা করতে হবে।






