বিনোদন

বড়পর্দায় আসতে চলেছেন সৌরভ গাঙ্গুলী? ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে!

 

বাংলা চলচ্চিত্র ও ওয়েব সিরিজের জনপ্রিয় পরিচালক সৌরভ চক্রবর্তী সম্প্রতি ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিচালনা করেছেন। বুধবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে এই তথ্য জানান পরিচালক। ছবিতে দুজনেই হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন।

ছবিটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকে প্রশ্ন করেন, দুজনের দেখা হল কোথায়? কোন শুটিংয়ে তারা একসাথে কাজ করলেন?

সৌরভ চক্রবর্তী বলেন, “কী কারণে দেখা হয়েছিল সেটা এখনই বলা যাবে না। তবে প্রথম বার দাদার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। তিনি একজন আন্তর্জাতিক তারকা অথচ এতটা বিনয়ী, ভাবাই যায় না। আমি যে কখনও মহারাজকে পরিচালনা করব সেটা কল্পনা করিনি। তবে ভাল লাগছে। বাকিটা বিশদে জানা যাবে কিছু দিন পরে।”

সৌরভ চক্রবর্তী সম্প্রতি পরিচালনা করেছেন “কেমিস্ট্রি মাসি” ওয়েব সিরিজ। এই সিরিজে প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে অভিনয় করেছেন দেবশ্রী রায়। জানুয়ারি মাস থেকে “রাজনীতি ২” ওয়েব সিরিজের শুটিং শুরু হবে। আপাতত পরিচালনার কাজেই ব্যস্ত থাকবেন সৌরভ।

Related Articles