
The Truth of Bengal: শহর কলকাতায় সব বাড়িতে বিনামূল্যে পানীয় জল পৌঁছে দেয় কলকাতা পুরসভা। এলাকার পানীয় জল সরবরাহে আরও গতি আনতে আরও একটি বুস্টার পাম্পিং স্টেশন গড়ে তোলা হল বেহালার জেমস লং সরণিতে। বেহলার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহে আরও গতি আসবে এই পাম্পিং স্টেশনের হাত ধরে। ১২৩ নম্বর ওয়ার্ডের পানীয় জলের সেই বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাম্পিং স্টেশনটি গড়ে তোলার ক্ষেত্রে এলাকার কাউন্সিলর সুদীপ পোল্লের অবদান অনেকটাই।
একটা সময় কাউন্সিলরের বিরুদ্ধে কাজ না করার অভিযোগে সরব ছিল বিরোধীরা। এখন সেই কাউন্সিলর এলাকার পানীয় জল সরবরাহে আরও গতি আনতে উদ্যোগী হন। জেমস লং সরণিতে গড়ে ওঠা এই পাম্পিং স্টেশনের হাত ধরে ১২৩ নম্বর ওয়ার্ডের সব বাড়িতে মসৃণ ভাবে পানীয় জল পৌঁছে দেবে পুরসভা। এতদিন পানীয় জল পৌঁছে দেওয়া নিয়ে যা যা অভিযোগ ছিল, সেই অভিযোগের এবার নিষ্পত্তি হবে বলে মনে করছে পুরসভা।
কলকাতায় ৭২টি বুস্টিং পাম্পিং স্টেশন চালু আছে। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফিরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হয়েছে ৩২টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, পরিবেশের স্বার্থে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমিয়ে আনতে হবে। সেই লক্ষ্যে কাজ করে চলেছে। গড়ে তোলা হচ্ছে বিরাট রিজার্ভার সহ বুস্টিং পাম্পিং স্টেশন। তেমনই একটি পাম্পিং স্টেশন গড়ে তোলা হল বেহালায়।






