
The Truth of Bengal: নেদারল্যান্ডসের পার্লামেন্ট নির্বাচনে মুসলমানদের বিপক্ষে কট্টর অবস্থান নেওয়া দলের জয়ের পর সে দেশের মুসলিমদের মনে দুশ্চিন্তা বাড়ছে। দলের নেতা গির্ট উইল্ডারস সুর নরম করলেও তাঁর নেতৃত্বে সম্ভাব্য জোট সরকারের নীতি নিয়ে তাঁদের মনে সংশয় রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে চরম দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তির নির্বাচনী জয়, বিশেষ করে সংখ্যালঘুদের উদ্বেগের কারণ হয়ে উঠছে। এবার নেদারল্যান্ডসের সংসদ নির্বাচনে গির্ট উইল্ডারসের ফ্রিডম পার্টির অভাবনীয় জয় লাভ করেছেন। তাঁর দলের এই জয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
নেদারল্যান্ডসের পার্লামেন্টের ১৫০টি আসনের মধ্যে ৩৭টি দখল করে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে চরম দক্ষিণপন্থী ফ্রিডম পার্টি। তবে সরাসরি ক্ষমতায় আসতে হলে গির্ট উইল্ডারসকে অন্য দলের সঙ্গে জোট করে সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। কোনো আইন প্রণয়ন করতে গেলেও প্রয়োজন হবে জোটসঙ্গীদের সমর্থন। নির্বাচনের ফল প্রকাশের পর নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে জয়ের পর গির্ট উইল্ডারস সুর নরম করে বলেন, তিনি দেশের মানুষের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী হতে চান। ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে গির্ট উইল্ডারসের খোলাখুলি বিতর্কিত মন্তব্য নেদারল্যান্ডসের রাজনীতিতে বারবার সমোলোচিত হয়েছে।
তিনি অতীতে নেদারল্যান্ডসে মসজিদ ও পবিত্র কোরআন নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। ফলে নির্বাচনে এমন ব্যক্তির প্রতি বিপুল জনসমর্থন নেদারল্যান্ডসের মুসলিমদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নেদারল্যান্ডসের সিএমও নামের মুসলিম সংগঠনের প্রতিনিধি বলেন, ডাচ মুসলমানদের জন্য নির্বাচনের এই ফলাফল অত্যন্ত মর্মান্তিক। তাঁর মতে, আইনের শাসনের মৌলিক নীতির বিরুদ্ধে কর্মসূচি স্থির করে কোনো দল যে এত সাফল্য পেতে পারে, তা অপ্রত্যাশিত। নেদারল্যান্ডসের জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম। গির্ট উইল্ডারস ক্ষমতায় এলে তাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।






