অর্ধশতক পার করে ফের নতুন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে পার্ক স্ট্রিটে, দূরত্ব মাত্র আট মিনিটের
পুরনো রুটের সঙ্গে জোকা-তারাতলা রুটে সংযোগ স্থাপন করা হচ্ছে

The Truth of Bengal: পার্ক স্ট্রিটে শুরু হয়ে গেল নতুন মেট্রো স্টেশন তৈরির কাজ। মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সূচনার ছবি প্রকাশ করেছে। মূলত জোকা-তারাতলা রুটের অংশ হিসাবে এই নতুন স্টেশনটি তৈরির কাজ শুরু হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলে, যাত্রীরা দ্রুত পার্ক স্ট্রিটে পৌঁছাতে পারবেন।
পার্ক স্ট্রিটের নতুন স্টেশনটির সঙ্গে পুরনো স্টেশনের দূরত্ব হবে আট মিনিটের। দুটি স্টেশনের মধ্যেই সংযোগ তৈরি করা হবে। যাত্রীদের সুবিধার্থে রাখা হচ্ছে ভূতল রাস্তা। অর্থাৎ কলকাতা মেট্রোর পুরনো রুটের সঙ্গে জোকা-তারাতলা রুটে সংযোগ স্থাপন করা হচ্ছে। অর্থাৎ দুটি রুটের যাত্রীরাই যাতে প্রয়োজনে মেট্রো ধরতে পারেন, তার সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে।
মেট্রোরেল সূত্রের খবর, মাঝেরহাট পর্যন্ত জোকা-তারাতলা মেট্রোর সম্প্রসারণের কাজ প্রায় শেষের মুখে। এদিকে পার্ক স্ট্রেটের নতুন স্টেশনের কাজও শুরু হয়ে গেল। জমি ঘিরে ফেলা হয়েছে, আশা করা হচ্ছে, নির্দিষ্ট সময়েই এই পার্ক স্ট্রিটের নতুন স্টেশন তৈরির কাজ শেষ হয়ে যাবে। প্রসঙ্গত, কিছুদিন আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন তৈরির কাজ শুরু করা হয়। জোকা-তারাতলা রুটের অংশ হিসাবে আরও একটি মেট্রো তৈরির কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, নতুন স্টেশনটি তৈরি করা হচ্ছে ডায়াফ্রাম ওয়াল দিয়ে। ১২ মিটার গভীরে তৈরি হবে স্টেশনটি।






