“কিছু মানুষের কাছে দেশের চেয়ে দল বড়!”, ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধীদের নিশানা মোদির
ডিএমকে-র হাত ধরেই কি পাশ হচ্ছে আসন পুনর্বিন্যাস বিল? অঙ্কের হিসেব কষে বড় বার্তা নরেন্দ্র মোদির!
Truth of Bengal: আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ হওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। এম কে স্ট্যালিনের দল ডিএমকে এনডিএ-র হাত ধরার পর সংসদের অঙ্কে শাসক শিবিরের অবস্থান আরও শক্তিশালী হয়েছে, এবং এই বিল পাশ হলেই কার্যকর হয়ে যাবে মহিলা সংরক্ষণ আইন। এমন প্রেক্ষাপটে বিরোধীদের তীব্র নিশানা করে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্পষ্ট কথা, বিরোধীরা যতই আপত্তি তুলুক, বিল পাশ হবেই।
এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের তাঁদের অংশীদারিত্ব দেওয়ার লড়াই কয়েক দশক ধরে চলছে। সেই লক্ষ্যে কাজ করে যাওয়া মানুষগুলির একজন আমিও। নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিজেপি ও এনডিএ অটল। আমাদের কাছে দেশের স্বার্থ সবার আগে।” নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের আপত্তির অভিযোগ তুলে তিনি আরও বলেন, “কিন্তু যখন কিছু মানুষের কাছে দলের স্বার্থই সবকিছু হয়ে যায়, দলের স্বার্থ দেশের স্বার্থকে ছাপিয়ে যায়, তাহলে নারীশক্তি ও দেশকে এর কুফল ভুগতে হয়। নারীশক্তি বন্দন সংশোধন সময়ের দাবি। আমরা আত্মবিশ্বাসী এবং লক্ষ্যে অটল। অর্ধেক জনসংখ্যার স্বপ্ন ও দেশের ভবিষ্যতের লক্ষ্যে এটা করতেই হবে।”
উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস বিল পাশ করতে প্রয়োজন সংবিধান সংশোধনী, যার জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নয়, দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। লোকসভার ক্ষেত্রে সেই ম্যাজিক ফিগার ৩৬০। হিসেব অনুযায়ী, এই মুহূর্তে এনডিএ-র আসন সংখ্যা ৩২০; ফলে আরও ৪০ জন সাংসদের সমর্থন দরকার। শরদ পাওয়ারের এনসিপি শিবিরের ৮ জন সাংসদ সমর্থন দিলে সংখ্যাটি ৩২৮-এ পৌঁছাতে পারে, এবং দলটি ইতিমধ্যেই সমর্থনের ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি, ডিএমকে-র সমর্থন পাওয়ায় এনডিএ শিবিরের হিসেব আরও এগিয়েছে, এবং ওয়াইএসআর কংগ্রেস-সহ কয়েকটি ছোট দলও বিলের পক্ষে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সংসদে এই বিল ঘিরে চূড়ান্ত লড়াইয়ের দিকেই তাকিয়ে গোটা দেশ।






