মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সাগরদিঘিতে গো-হত্যার অভিযোগে গ্রেফতার ৪
মঙ্গলবার ভোররাতে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় গোপনে গো-হত্যা চলার সময় হাতেনাতে ওই চার জনকে পাকড়াও করা হয়।
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদঃ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গো-হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় গোপনে গো-হত্যা চলার সময় হাতেনাতে ওই চার জনকে পাকড়াও করা হয়।
সোমবারই রাজ্যে গো-হত্যা রুখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আরও কড়া আইন প্রণয়নের জন্য নতুন বিল আনার ভাবনাচিন্তা চলছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরেই রাজ্য জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়। তার মধ্যেই সাগরদিঘির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে শেখদিঘির হাজিপুর এলাকার একটি পরিত্যক্ত ও নির্জন জায়গায় হানা দেয় সাগরদিঘি থানার পুলিশ। পুলিশকর্মীরা চারদিক থেকে এলাকাটি ঘিরে ফেলায় অভিযুক্তেরা পালানোর সুযোগ পাননি। ঘটনাস্থল থেকেই চার জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার হওয়া মাংস নিয়ম মেনে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
ধৃতদের থানায় নিয়ে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। এই ঘটনার নেপথ্যে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না এবং এই কারবারে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, গো-হত্যার পর ওই মাংস কোথায় পাচার বা সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা-ও ধৃতদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।






