দেশ

এসআইআরে নাম বাদ পড়েছে? ভোটারদের স্বস্তিতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে

Truth of Bengal: রাজ্যে পুরসভা ভোটের আগে এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নাম বাদ যাওয়ার বিরুদ্ধে জমা পড়া আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনা করে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, ট্রাইবুনালে জমা পড়া সব আবেদন একসঙ্গে বিবেচনা করা যাবে না। কারণ, একদিকে যেমন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আবেদন জমা পড়েছে, অন্যদিকে তেমনই তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন অনেকে। এই দুই ধরনের আবেদন পৃথকভাবে বিচার করতে হবে। প্রথমে বাদ পড়া ভোটারদের আবেদনগুলির নিষ্পত্তি করতে হবে। এরপর নাম অন্তর্ভুক্তির বিরোধিতায় জমা পড়া আবেদনগুলি বিবেচনা করা যাবে। ট্রাইবুনালের কাজকর্ম নিয়েও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। সাধারণ মানুষ যাতে সহজে সেখানে পৌঁছে আবেদন জানাতে পারেন, তার জন্য কলকাতার বিভিন্ন এলাকায় ট্রাইবুনালের স্থান নির্ধারণ করতে হবে। যাতায়াতের সুবিধা রয়েছে, এমন জায়গাতেই সেগুলি চালু করার কথা বলেছে শীর্ষ আদালত।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চ আরও জানায়, যে সমস্ত বিধানসভা এলাকায় পুরসভা নির্বাচন হওয়ার কথা, সেখানকার ভোটার তালিকা থেকে কতজনের নাম বাদ গিয়েছে, সেই সংক্রান্ত বিধানসভাভিত্তিক পরিসংখ্যান জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। বিশেষ করে কলকাতা পুরসভা এলাকায় নাম বাদ পড়া ভোটারদের আবেদনের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এসআইআরে নাম বাদ যাওয়ার কারণে বহু মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে আদালতে অভিযোগ করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে এসআইআর প্রক্রিয়া নিয়ে আগামী দিনে আইনি তৎপরতা আরও বাড়তে পারে।

Related Articles