রাজ্যের খবর

বদলের বাংলায় বড় সিদ্ধান্ত সরকারের, ২৫ বছর রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী

সৌর, বায়ু ও ব্যাটারিচালিত পরিবেশবান্ধব বিদ্যুতে ভরসা রাজ্যের! WBSEDCL-এর সঙ্গে হাত মেলাল আদানি এনার্জি সলিউশনস, বসবে স্মার্ট মিটারও

Truth of Bengal: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বিদ্যুৎ পরিকাঠামো ও সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজাতে বড়সড় পদক্ষেপ নিল নতুন সরকার। রাজ্যের বিদ্যুৎ ঘাটতি চিরতরে মেটাতে এবার গৌতম আদানির সংস্থা ‘আদানি এনার্জি সলিউশনস লিমিটেড’ (AESL)-এর কাছ থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ২৫ বছরের জন্য রাজ্যে মোট ২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ক্রয় এবং সরবরাহের দায়িত্ব নিচ্ছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই এই মর্মে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম (WBSEDCL)-এর মাধ্যমে গোটা রাজ্যে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর ফলে রাজ্যে বিদ্যুৎ ঘাটতি সংক্রান্ত যাবতীয় সমস্যার দ্রুত ও মসৃণ সমাধান হবে বলে আশাবাদী প্রশাসন।

রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের সঙ্গে আদানি গোষ্ঠীর এই গাঁটছড়া বাংলায় সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের (PPP মডেল) পথ আরও প্রশস্ত করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই চুক্তি প্রসঙ্গে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সিইও কন্দর্প প্যাটেল জানান, “পুনর্ব্যবহারযোগ্য শক্তি অর্থাৎ পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আমাদের সংস্থা অগ্রণী ভূমিকা পালন করছে। গোটা দেশে এই মুহূর্তে সবুজ শক্তির চাহিদা তুঙ্গে। পশ্চিমবঙ্গ সরকার WBSEDCL-এর সঙ্গে যুক্ত হয়ে আমাদের ওপর বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব দেওয়ায় আমরা অত্যন্ত খুশি। এই চুক্তি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হল।”

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুই ধাপে এই বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়া কার্যকর হবে। প্রথম ধাপে ২০২৮ সালের জুলাই মাস থেকে ১,৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে সংস্থাটি। এরপর দ্বিতীয় ধাপে ২০২৯ সালে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। অর্থাৎ, আগামী ২৫ বছর ধরে মোট ২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রাজ্যজুড়ে সরবরাহ করা হবে।

সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৪.৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে সৌর ও বায়ুচালিত শক্তির মাধ্যমে এবং বাকি ৩.৬ গিগাওয়াট শক্তি উৎপাদনের কাজ চলবে অত্যাধুনিক ব্যাটারিচালিত স্টোরেজ সিস্টেমের সাহায্যে। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, বণ্টন ব্যবস্থা ও গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজও করবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড। উৎপাদিত এই বিপুল পরিমাণ বিদ্যুৎ সাধারণ গৃহস্থালির পাশাপাশি রাজ্যের শিল্পক্ষেত্র, বাণিজ্য এবং প্রযুক্তিক্ষেত্রের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Related Articles