কলকাতারাজ্যের খবর

শক্তি হারাল ঘূর্ণিঝড় ‘আকভান’! রোদের দেখা মিলবে বাংলায়? কী জানাল হাওয়া অফিস

শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে

Truth of Bengal: ল্যান্ডফলের পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার রাতেই ওড়িশার মধ্যভাগে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। শনিবারের মধ্যে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কমতেই কলকাতায় বৃষ্টির দাপট কিছুটা কমেছে। যদিও শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, রবিবার থেকেই ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। মেঘ সরিয়ে দেখা মিলতে পারে রোদের। মঙ্গলবার থেকে রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কাটেনি। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে সেখানেও আবহাওয়ার উন্নতি এবং শুষ্ক পরিস্থিতি ফেরার সম্ভাবনা।

কলকাতার আকাশ শনিবারও মেঘলা থাকতে পারে। তবে ধীরে ধীরে দুর্যোগের রেশ কাটবে বলেই পূর্বাভাস। সোমবারের পর থেকে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কমতে শুরু করবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ ছিল ৪৩ মিলিমিটার। অর্থাৎ, আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টির ভোগান্তি চললেও রবিবার থেকে স্বস্তি ফেরার ইঙ্গিত। আর মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। ঘূর্ণিঝড়ের বিদায়ের পর এবার শীতের আমেজ কতটা বাড়ে, সেদিকেই নজর রাখছেন রাজ্যবাসী।

Related Articles