কলকাতা

আর জি কর মামলা: আদালতে তিন পাতার স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের, নতুন তদন্তে কী কী তথ্য মিলল?

সূত্রের খবর, তদন্তের অগ্রগতি এবং নতুন করে সংগৃহীত তথ্যের বিস্তারিত বিবরণ রয়েছে ওই রিপোর্টে

Truth of Bengal: আর জি কর ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তিন পাতার এই রিপোর্ট পেশ করা হয়। নতুন তদন্তকারী আধিকারিক সন্দীপনি গর্গ ও তাঁর টিম দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার আদালতে রিপোর্ট জমা দিল সিবিআই। সূত্রের খবর, তদন্তের অগ্রগতি এবং নতুন করে সংগৃহীত তথ্যের বিস্তারিত বিবরণ রয়েছে ওই রিপোর্টে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন নতুন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেই সূত্র ধরে ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক ব্যক্তির বয়ানও রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সিসিটিভি ফুটেজ, ইলেকট্রনিক ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এমনকী শ্মশানে সেদিন উপস্থিত থাকা ব্যক্তিদের সঙ্গেও কথা বলা হয়েছে বলে খবর।

এদিকে, খড়দহ থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(এ) ধারায় যে অভিযোগ ছিল, সেটিও আর জি কর মামলার তদন্তে যুক্ত করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, মামলাটি বর্তমানে কলকাতা হাই কোর্টে বিচারাধীন। অন্যদিকে, মূল অভিযোগকারীর পক্ষ থেকে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন নিয়ে আদালতে সওয়াল করা হয়। গত ২৮ অক্টোবর এই আবেদন জমা দেওয়া হয়েছিল বলে জানানো হয়। ওই আবেদনের শুনানির জন্য সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টের প্রতিলিপি চাওয়া হলে বিচারক আরও একটি কপি দেওয়ার নির্দেশ দেন। অভিযোগকারীর আইনজীবীর বক্তব্য, জামিন বাতিলের আবেদনের শুনানি দ্রুত হওয়া প্রয়োজন। আগামী ২৭ নভেম্বর সোমনাথ দে-র জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। ওই দিনই অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন নিয়ে শুনানি হতে পারে বলে আদালতে জানানো হয়েছে।

উল্লেখ্য, তদন্তের গতি নিয়ে শুরু থেকেই সিবিআইয়ের বিরুদ্ধে সরব নির্যাতিতার বাবা-মা। তাঁদের অভিযোগ, তদন্তে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। এমনকী তদন্তের বিষয়ে প্রশ্ন করলেও সিবিআইয়ের কাছ থেকে সন্তোষজনক উত্তর মিলছে না বলে দাবি করেছিলেন নির্যাতিতার মা। এর আগে একাধিকবার তদন্তের ভূমিকা নিয়ে আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই পরিস্থিতিতে নতুন তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, তা নিয়ে জমা পড়া রিপোর্টকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles