কলকাতা

পাহাড়ের রাজনীতিতে ফের সক্রিয় সংলাপ, নবান্নে বিমল গুরুং-রোশন গিরির সঙ্গে বৈঠক শুভেন্দুর

দার্জিলিংয়ের উন্নয়ন নাকি জিটিএ ও চা-বাগানের ভবিষ্যৎ? শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী-মোর্চা নেতৃত্বের সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা!

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: পাহাড়ের রাজনীতি ও উন্নয়নকে ঘিরে রাজ্য সরকারের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার যোগাযোগ ফের জোরদার। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন মোর্চা সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। সৌজন্য সাক্ষাৎ হলেও পাহাড়ের উন্নয়ন, জনস্বার্থ এবং একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সোশ্যাল মিডিয়ায় বৈঠকের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দার্জিলিংয়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা বিমল গুরুং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। যদিও আলোচনার নির্দিষ্ট বিষয় বা কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনা হয়নি, প্রশাসনিক সূত্রে পাহাড়ের উন্নয়ন ও জনপরিষেবার একাধিক বিষয় আলোচনায় উঠে এসেছে বলে জানা যাচ্ছে।

পাহাড়ের উন্নয়ন, স্থানীয় মানুষের সমস্যা, প্রশাসনিক পরিষেবা এবং ভবিষ্যতে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র, এই বিষয়গুলিকে ঘিরেই বৈঠকের তাৎপর্য দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। পাহাড়ে স্থিতিশীল প্রশাসনিক পরিবেশ বজায় রাখা এবং উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে রাজ্য ও পাহাড়ের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নও সামনে আসছে।

বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ অবশ্য নতুন কোনও ঘটনা নয়। চলতি বছরেও একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে মোর্চা নেতৃত্বের আলোচনা হয়েছে। জুলাই মাসে কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে চা-বাগানের সমস্যা, শিক্ষক নিয়োগ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর কাজকর্ম এবং পাহাড়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তার আগেই জুন মাসে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও জিটিএ-সংক্রান্ত দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিমল গুরুং।

সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গ সফরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে মোর্চা নেতৃত্বের যোগাযোগ একাধিকবার হয়। দার্জিলিংয়ের লেবংয়ে মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন বিমল গুরুং ও রোশন গিরি। জলপাইগুড়ি সফর শেষে ফেরার পথেও হেলিপ্যাডে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল।

পরপর এই যোগাযোগ ও বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাহাড়ের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে রাজ্য সরকার এবং মোর্চার মধ্যে আলোচনার পরিসর বজায় রাখার ইঙ্গিত মিলছে বলেই মত একাংশের। তবে শুক্রবারের বৈঠকে কোনও নতুন প্রস্তাব, প্রতিশ্রুতি কিংবা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। আলোচনার ফলাফল প্রকাশ্যে না আসায় পাহাড়ের রাজনৈতিক সমীকরণে এই সাক্ষাতের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে আপাতত অপেক্ষা রাজনৈতিক মহলের।

Related Articles