কলকাতা

বৃষ্টি ও জল জমার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক

মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি

জোতির্ময় দত্ত, নবান্ন: আকভানের সম্ভাব্য প্রভাব ও বৃষ্টির পূর্বাভাসকে সামনে রেখে আগাম সতর্ক রাজ্য প্রশাসন। আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার উপর নজর রাখার পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।শুধু আবহাওয়ার গতিপ্রকৃতি নয়, বৃষ্টির জেরে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা ও কৃষিক্ষেত্রে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। কোন জেলায় কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, কোথায় আগাম ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই বিষয়ে জেলা প্রশাসনের কাছ থেকে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বিপর্যয় মোকাবিলায় কোনওরকম ঢিলেমি যাতে না হয়, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।

সম্ভাব্য জল জমার সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে যাতে দ্রুত উদ্ধারকাজ শুরু করা যায়, তার জন্য পুলিশ ও প্রশাসনকে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। পাশাপাশি ত্রাণ ও উদ্ধারকারী ব্যবস্থাও প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে দ্রুত সহায়তা করা যায়। বৃষ্টির আশঙ্কায় কৃষিক্ষেত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার চাষের জমিতে জল জমার সম্ভাবনা, ফসলের বর্তমান অবস্থা এবং ইতিমধ্যে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে জেলাশাসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি। কৃষকদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার পাশাপাশি পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে নবান্ন। শহরের নিচু এলাকাগুলিতে জল জমার সমস্যা, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে কলকাতা পুরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুর কমিশনারকে পরিস্থিতির উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বদলালে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে সম্ভাব্য বৃষ্টি ও আকভানের প্রভাবকে ঘিরে কোনও ঝুঁকি নিতে নারাজ নবান্ন। আগাম প্রস্তুতি, দ্রুত সমন্বয় এবং জেলা স্তরে নিরবচ্ছিন্ন নজরদারিকেই আপাতত দুর্যোগ মোকাবিলার প্রধান হাতিয়ার হিসেবে দেখছে রাজ্য প্রশাসন।

Related Articles