কলকাতা

প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR! ধর্ষণ, যৌন হেনস্তা ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

আলাপন বন্দ্যোপাধ্যায় ও সুবোধ সরকারও তালিকায়! ৩ মহিলার অভিযোগের ভিত্তিতে সমাজকর্মীর দায়ের করা জিরো এফআইআর গেল বিধাননগর উত্তরে!

Truth of Bengal: রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন করে চাঞ্চল্যকর অভিযোগে জিরো এফআইআর (Zero FIR) দায়ের হল। বাগুইআটি থানায় এক সমাজকর্মীর দায়ের করা এই অভিযোগে ধর্ষণ, যৌন হেনস্তা, তোলাবাজি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই বাগুইআটি থানার পক্ষ থেকে অভিযোগগুলি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনজন মহিলা। সেই অভিযোগগুলির প্রেক্ষিতেই রাজীব সরকার নামে এক সমাজকর্মী গত ১২ নভেম্বর বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করেন। অভিযোগের তালিকায় প্রাক্তন দুই মন্ত্রীর পাশাপাশি একাধিক সরকারি আধিকারিক, যার মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ সরকারের নামও রয়েছে বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে তদন্তের স্বার্থে অভিযোগগুলি বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেয় বাগুইআটি থানার পুলিশ।

উল্লেখ্য, দুর্গাপুজোর প্রিভিউ পাস সংক্রান্ত দুর্নীতির মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার নতুন করে এই মামলায় নাম জড়ানোয় তাঁর বিপদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রাজ্যে পালাবদলের পর থেকেই সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন ব্রাত্য বসু এবং তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। এবার তাঁর বিরুদ্ধেও ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে জিরো এফআইআর দায়ের হওয়ায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনা প্রসঙ্গে সমাজকর্মী রাজীব সরকার বলেন, “অভিযোগ প্রত্যাহারের জন্য তিন অভিযোগকারীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছিল। তাঁদের মধ্যে একজন ইতিমধ্যেই আত্মগোপন করেছেন। আমার কাছে এই সংক্রান্ত মামলার তথ্য এসেছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করেছি।” অন্যদিকে, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার মন্তব্য করেন, “যাঁরা অভিযোগ করছেন, তাঁরা এতদিন মুখ খুলতে পারছিলেন না, এখন পারছেন। এই ঘটনার তদন্তে কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না এবং দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী সাজা হবে।”

Related Articles