“বিনা ভিসায় বাংলাদেশ পাঠিয়ে দেব”, এনকাউন্টারের সমালোচকদের কড়া হুঁশিয়ারি দিলীপের
“বাংলাকে ইউপি-গুজরাট করব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক!” ৫০০ এনকাউন্টারের পক্ষে সওয়াল করে বিস্ফোরক মন্তব্য দিলীপের
Truth of Bengal: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ছ’মাসে একাধিক ‘এনকাউন্টার’-এর ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এই ধরনের বিচারবহির্ভূত পদক্ষেপ নিয়ে বিরোধীরা যখন বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বাংলাকে ‘উত্তরপ্রদেশ বা গুজরাট’ বানিয়ে দেওয়ার অভিযোগ করছেন, ঠিক তখনই সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়ে আরও এক ধাপ বাড়িয়ে সরাসরি এনকাউন্টারের পক্ষেই সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, সমালোচকদের নিশানা করে তিনি কড়া ভাষায় বলেন, “বাংলাকে ইউপি, গুজরাট করব। কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যার বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে চলে যাক, বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেব।”
রাজ্যে একের পর এক এনকাউন্টারের ঘটনা এবং তা নিয়ে বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন দিলীপ ঘোষ আরও বলেন, “বাংলা ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে সোজা বাংলাদেশে চলে যাক। দরজা খোলা রয়েছে।” একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মহিলাদের সুরক্ষার প্রসঙ্গ টেনে তিনি হুংকার দেন, “হিন্দু মা-বোনেদের দিকে খারাপ নজরে তাকালে বীরভূমের মতো অবস্থা হবে। অপরাধীদের ক্ষেত্রে ৫টি কেন, প্রয়োজনে ৫০০ এনকাউন্টারও কম পড়বে।” গত ৫০ বছর ধরে গ্রাম বাংলায় দুষ্কৃতীরা যেভাবে দাপিয়ে বেড়িয়েছে এবং মহিলারা ভয়ে ভয়ে দিন কাটিয়েছেন, সেই দিন এবার চিরতরে শেষ হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, মন্ত্রী দিলীপ ঘোষের এই বিতর্কিত ও উগ্র মন্তব্যের তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী শিবির থেকে শুরু করে শাসক দলও। বয়ানটির কঠোর সমালোচনা করে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “এনকাউন্টার কোনও বিচার ব্যবস্থার স্বাভাবিক অঙ্গ হতে পারে না, এটি একটি বিচ্ছিন্ন ও ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু সেই ব্যতিক্রমী ঘটনাকে যদি কেউ রাজনৈতিকভাবে সমাজে নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তবে তা অত্যন্ত বিপজ্জনক। ব্যতিক্রম কখনওই নিয়ম হতে পারে না।” সব মিলিয়ে, মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে।






