রাজ্যের খবর

শুক্রবার দুপুরেই ল্যান্ডফল অতি প্রবল ঘূর্ণিঝড়ের! বাংলায় কতটা প্রভাব ফেলবে ‘আকভান’?

বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বড় ভোলবদল! দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা, জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট

Truth of Bengal: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে আরও শক্তি সঞ্চয় করবে। আগামী শুক্রবার দুপুরের দিকে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ (Very Severe Cyclonic Storm) হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়তে পারে ‘আকভান’। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বুধবার থেকেই বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ সম্পূর্ণ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ফিরবে গুমোট অস্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে গত কয়েকদিনের হালকা শীতের আমেজ অনেকটাই উধাও হয়ে যাবে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। ওই দিন উপকূলবর্তী জেলাগুলি-সহ ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ার বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। আপাতত পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি না হলেও, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মৎস্যজীবীদের আগামী ২০ নভেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles