চোরবাগান কাণ্ডের রেশ, এবার ৮ ইন্টার্ন চিকিৎসককে শোকজ করে জবাব চাইল স্বাস্থ্যদফতর
আগামী তিন দিনের মধ্যে প্রত্যেককে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে
Truth of Bengal: চোরবাগান পদপিষ্টের ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন আট ইন্টার্ন চিকিৎসক। তাঁদের অভিযোগ ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। এবার সেই আটজনকেই শোকজ করল রাজ্যের স্বাস্থ্যদপ্তর। কেন ডিউটিরত অবস্থায় নিজেদের দায়িত্ব পালন না করে সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়েছিলেন, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রত্যেককে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও চিঠি পাওয়ার পর এক ইন্টার্ন চিকিৎসকের দাবি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ডিউটিতে ছিলেন না।
উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীতে কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় প্রাণ হারান ১৯ জন। আহত হন বহু মানুষ। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। সাংবাদিকদের সামনে তাঁরা অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের অভাব রয়েছে। এমনকী, সরকারের উচ্চমহল থেকেও রোগীদের বেসরকারি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তাঁরা। অন্যদিকে, রাজ্য সরকারের বক্তব্য ছিল, আহতদের চিকিৎসায় যাতে কোনওরকম ঘাটতি না থাকে এবং মৃত্যুর সংখ্যা আর না বাড়ে, সেই লক্ষ্যেই উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইন্টার্ন চিকিৎসকদের ওষুধের অভাব সংক্রান্ত অভিযোগও খারিজ করে দেয় স্বাস্থ্যদপ্তর।
এই বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন, সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দেওয়ার সময় ওই ইন্টার্ন চিকিৎসকরা আদৌ কর্তব্যরত ছিলেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর বক্তব্য ছিল, ডিউটিতে থাকা অবস্থায় এ ধরনের কাজ করা হলে তা নিয়মবিধির পরিপন্থী হতে পারে। এরপরই স্বাস্থ্যদপ্তরের তরফে আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকজের চিঠি হাতে পাওয়ার পর এক ইন্টার্ন চিকিৎসক জানান, তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে। তবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কর্তব্যরত ছিলেন না বলেই দাবি করেন। হাসপাতালের ওষুধের অভাব নিয়ে স্বাস্থ্যদপ্তরের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর পাল্টা মন্তব্য, হাসপাতালের বাস্তব পরিস্থিতি সেখানকার চিকিৎসকদের সকলেরই জানা। রাজ্য বা প্রশাসন নিজেদের বক্তব্য জানিয়েছে। এখন স্বাস্থ্যদপ্তরের শোকজের জবাবে ওই আট ইন্টার্ন চিকিৎসক কী ব্যাখ্যা দেন, সেদিকেই নজর রয়েছে। চোরবাগান কাণ্ডের পর হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে ওঠা প্রশ্ন এবং চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ—দুই বিষয় ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।






