ভারতের আকাশে চিনা গুপ্তচর বিমান? সিকিম সীমান্তে ২০ মিনিট ধরে রহস্যময় উড়ান নিয়ে তোলপাড়
সিকিম সীমান্তে রহস্যময় বিমানের গতিবিধি! ভারতের আকাশে ২০ মিনিট চক্কর, উদ্বেগে প্রতিরক্ষা মহল
Truth of Bengal: সিকিমের ভারত-চিন সীমান্ত এলাকার আকাশে একটি অচেনা বিমানের গতিবিধিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও রহস্য দানা বেঁধেছে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, গত ১২ নভেম্বর চিনের দিক থেকে সিকিম সীমান্তের উপর দিয়ে উড়ে আসে একটি রহস্যময় বিমান। ভারতের আকাশসীমায় ঢুকে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে সেটি চক্কর কাটে বলে দাবি করা হচ্ছে। যদিও ভারতীয় বায়ুসেনার তরফে সরকারিভাবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি, তবুও একাধিক নির্ভরযোগ্য সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সেনা সূত্রে খবর, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে ওই বিমানটি নির্দিষ্ট এলাকায় চক্কর কাটছিল। গত ১২ নভেম্বর সকাল ৮টা নাগাদ প্রথম বায়ুসেনার রেডারে ধরা পড়ে বিমানটির গতিবিধি। সঙ্গে সঙ্গেই রেডারের মাধ্যমে একাধিকবার রেডিও বার্তা পাঠিয়ে বিমানটিকে অবিলম্বে ভারতের আকাশসীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় বায়ুসেনা। কিন্তু সমস্ত সতর্কবার্তা উড়িয়ে দিয়েও সেটি দীর্ঘক্ষণ ধরে আকাশে চক্কর কাটতে থাকে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের ধারণা, এটি চিনের কোনও সামরিক নজরদারি বিমান হতে পারে। তবে এই দাবির সপক্ষে এখনও কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি। দেশের একটি প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।
বিশেষজ্ঞদের মতে, বিমানের গতিবিধি যে এলাকায় ধরা পড়েছে, তার ঠিক পাশেই রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের এটিই প্রধান এবং একমাত্র সংযোগকারী পথ। ফলে এই করিডরের উপর নজরদারির সুযোগ থাকায় বিষয়টিকে শুধুমাত্র সাধারণ আকাশসীমা লঙ্ঘন বলে মনে করছেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সিকিম সীমান্তের এই বিমান-রহস্য ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই, গত ৮ নভেম্বর সিকিমে ভারতীয় সেনার সঙ্গে দীপাবলি উৎসব পালন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে সেনাপ্রধান ও পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার-সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তার ঠিক তিন দিনের মাথাতেই চিন সীমান্তে এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে, ২০-২৫ মিনিট ধরে ভারতের আকাশে কোনো সন্দেহজনক বিমানের চক্কর কাটার বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন বায়ুসেনা কর্তাদের একাংশ। তাঁদের একাংশের মতে, অল্প সময়ের জন্য কোনও বিমান ঢুকে পড়তে পারলেও, এত দীর্ঘ সময় ধরে আকাশসীমায় থাকলে হাসিমারা-সহ পার্শ্ববর্তী বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতীয় যুদ্ধবিমান গিয়ে সেটিকে ধাওয়া করতে পারত। তা সত্ত্বেও এই অনুপ্রবেশ যে দেশের সুরক্ষার ক্ষেত্রে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে, তা নিয়ে দ্বিমত নেই বিশেষজ্ঞদের।






