ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব দ্বীপ! বিস্ফোরক দাবি মদন মিত্রের, দিলেন দেশ ছাড়ার পরামর্শ
শুধু তাই নয়, অভিষেককে সরাসরি পরামর্শ দিয়ে মদন বলেন, রাজনীতি ছেড়ে ওই দ্বীপে গিয়ে এক-দু’বছর কাটিয়ে আসুন
Truth of Bengal: ভানুয়াতুতে নাকি নিজস্ব দ্বীপ কিনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! সেখানে তাঁর বন্ধু বিনয় মিশ্র-সহ একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি বসবাস করেন বলেও বিস্ফোরক দাবি করলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। শুধু তাই নয়, অভিষেককে সরাসরি পরামর্শ দিয়ে মদন বলেন, রাজনীতি ছেড়ে ওই দ্বীপে গিয়ে এক-দু’বছর কাটিয়ে আসুন। এবারের পুরভোট নিয়ে মাথা না ঘামিয়ে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের জন্য অপেক্ষা করুন। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মদন মিত্রের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁর অভিযোগ, অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিনয় মিশ্র-সহ একাধিক ব্যক্তির, যাঁরা ভানুয়াতুতে থাকেন। সেই ভানুয়াতুতেই অভিষেকের নিজস্ব একটি দ্বীপ রয়েছে বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য, আর্থিক দুর্নীতি ও বিভিন্ন মামলার তদন্তের আবহে নীরব মোদি, মেহুল চোকসি এবং বিনয় মিশ্রের মতো ব্যক্তিদের ভানুয়াতুতে আশ্রয় নেওয়া নিয়ে অতীতে নানা অভিযোগ সামনে এসেছে।
মদন মিত্রের বক্তব্য, আসন্ন নির্বাচনে অভিষেক যদি সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে না থাকেন, তাহলে তৃণমূলের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল হবে। অভিষেকের আমেরিকা সফর এবং চোখের চিকিৎসার প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে চার্টার্ড বিমানে যাতায়াত নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর আরও অভিযোগ, নদী ও নদীর চর দখল থেকে শুরু করে কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গে অভিষেকের যোগ রয়েছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এখানেই থামেননি মদন। তাঁর দাবি, অভিষেকের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো রাজনৈতিক সম্পর্ক ও ঘনিষ্ঠদের ভুলে যাচ্ছেন। তৃণমূল নেত্রীর উদ্দেশে তাঁর পরামর্শ, অভিষেকের হাত থেকে দলের দায়িত্ব নিজের হাতে ফিরিয়ে নেওয়া উচিত।
মদন মিত্রের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, মদন মিত্রের মেজাজের কোনও স্থিরতা নেই। কখন, কোন পরিস্থিতিতে তিনি এই মন্তব্য করেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে মদন মিত্র পাড়ার কাউন্সিলর হওয়ার সুযোগও পেতেন না। বিজেপিকে খুশি করতেই এখন মমতা ও অভিষেককে আক্রমণ করছেন তিনি। বৈশ্বানরের দাবি, কিছুদিন আগেও মদন মিত্র মমতা ও অভিষেককে দলের সবকিছু বলে উল্লেখ করতেন। অন্যদিকে, বিজেপি নেতা সায়ন্তন বসু মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করেছেন। তাঁর কটাক্ষ, অভিষেকের কর্মকাণ্ড সম্পর্কে মদন মিত্র আগে থেকেই অবগত ছিলেন। এখন রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় ডুবন্ত জাহাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি মদনের অভিযোগগুলিকেও সঠিক বলে দাবি করেন সায়ন্তন।






