কলকাতা

ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজ, পাঁচ রবিবার মেট্রো পরিষেবায় কাটছাঁট

প্রথম চারটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে মেট্রো চলবে না।

Truth of Bengal: কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য ফের ভোগান্তির খবর। পর পর পাঁচটি রবিবার ব্লু লাইনে ব্যাহত হবে পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল থেকে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে নির্দিষ্ট অংশে মেট্রো চলাচল। ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর এই পরিবর্তিত সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রথম চারটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে মেট্রো চলবে না। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। সন্ধ্যা ৬টার পর গোটা পথে ফের মেট্রো চলাচল শুরু হওয়ার কথা।

১৩ ডিসেম্বর পরিষেবায় কিছুটা আলাদা পরিবর্তন থাকছে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট অংশে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যুৎ ও ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এ ছাড়া ওই পাঁচ দিনই জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী সরাসরি মেট্রো পাওয়া যাবে না। ফলে রবিবার যাঁরা মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের আগে থেকেই বিকল্প পরিবহণের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।