জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্টের জের, ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক
অভিযোগ, গত ২ মে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক।
Truth of Bengal: সমাজমাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কিত পোস্টের জেরে ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজির হতে নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিযোগ, গত ২ মে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। এই পোস্টের বিরুদ্ধে ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা অর্ণবকান্তি দাস। তাঁর দাবি, অভিষেকের মন্তব্যে গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বিঘ্নিত হতে পারে।
অভিযোগের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানো, হিংসায় প্ররোচনা, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং গুজব ছড়ানোর মতো একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। সেই মামলাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।
উল্লেখ্য, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগেও অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় পৃথক এফআইআর দায়ের হয়েছে। শুক্রবার কালীঘাটের বাড়িতে গিয়ে সেই মামলায় হাজিরার নোটিস দেয় পুলিশ। আগামী ২০ নভেম্বর তাঁকে গিরিশ পার্ক থানায় হাজির হতে বলা হয়েছে। পরপর দুটি মামলায় পুলিশের তলব ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।






