বিনোদন

সোনিয়া গান্ধীকে নিয়ে এবার বায়োপিক! তেলুগু ভাষায় সিনেমা তৈরির পরিকল্পনা কংগ্রেসের

সোনিয়া গান্ধীর জীবনকাহিনি নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির পরিকল্পনা সামনে আনল কংগ্রেস

Truth of Bengal: প্রকাশ্যে এসেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’। বইটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। আত্মজীবনীতে উঠে আসা একাধিক ঘটনা ও ঐতিহাসিক প্রসঙ্গ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে সোনিয়া গান্ধীর জীবনকাহিনি নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির পরিকল্পনা সামনে আনল কংগ্রেস। তেলুগু ভাষায় এই সিনেমা তৈরির উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি। বৃহস্পতিবার সাঙ্গারেড্ডিতে কংগ্রেস কর্মীদের একটি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর প্রস্তাব, দলের কর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে সোনিয়া গান্ধীর জীবন অবলম্বনে একটি স্বল্প বাজেটের সিনেমা তৈরি করুন। ছবির জন্য উপযুক্ত পরিচালকও বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কংগ্রেস কর্মীদের উদ্দেশে জগ্গা রেড্ডি বলেন, নির্বাচনের সময় দলীয় কর্মীরা যেভাবে অর্থ খরচ করেন, এই উদ্যোগকেও সেভাবেই দেখতে হবে। তাঁর কথায়, “আপনারা তো নির্বাচনের জন্য খরচ করেন, তাই না? এটাকেও একই ধরনের খরচ হিসেবে বিবেচনা করুন। আসুন, আমরা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করি এবং একজন ভালো পরিচালক নির্বাচন করি।” পাশাপাশি, ছবির প্রস্তুতি ও অর্থ সংগ্রহের প্রাথমিক কাজ শেষ হলে শুটিং শুরুর আনুষ্ঠানিক অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড়কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও জানিয়েছেন জগ্গা রেড্ডি।

সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সফর এবং ভারতীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ ভূমিকা—সব মিলিয়ে প্রস্তাবিত এই সিনেমার বিষয়বস্তু কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। তবে ছবির পরিচালক, অভিনেতা বা শুটিং শুরুর দিনক্ষণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

Related Articles