অগ্নিগর্ভ বাংলাদেশ, জ্বলছে ট্রেন-বাস! প্রাণভয়ে লাকি আলির কনসার্ট বাতিল
শ্রমিক বিক্ষোভে জ্বলছে বাংলাদেশ, নামল সেনা! নিরাপত্তার অভাবে ভেস্তে গেল লাকি আলির মেগা শো
Truth of Bengal: শ্রমিক অসন্তোষ এবং বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের জেরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জ সহ একাধিক এলাকায় নামানো হয়েছে সেনাবাহিনী। এমন ভয়াবহ পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করে বাতিল করে দেওয়া হল প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী লাকি আলির বহু প্রতীক্ষিত বাংলাদেশ সফর।
আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার ঢাকায় এবং ১৩ নভেম্বর, শুক্রবার চট্টগ্রামে লাকি আলির সুরের জাদুতে মেতে ওঠার কথা ছিল বাংলাদেশবাসীদের। প্রিয় শিল্পীর গান শোনার জন্য হু হু করে বিক্রি হয়ে গিয়েছিল দু’টি শহরেরই সমস্ত টিকিট। কিন্তু শেষ মুহূর্তে সোশাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে কনসার্টের উদ্যোক্তা সংস্থা ইকিউব এন্টারটেনমেন্ট জানায়, অপ্রত্যাশিত কারণে লাকি আলির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। সমস্ত টিকিট বাতিল বলে গণ্য হবে এবং বুধবার সকাল থেকেই অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে।
উদ্যোক্তা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দ্রোহী আহসান জানিয়েছেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে এমন বড় কনসার্ট করা মোটেও নিরাপদ নয়। প্রশাসনের তরফে লিখিত নিষেধাজ্ঞা না থাকলেও, অলিখিতভাবে আমাদের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিল্পীর সঙ্গে কথা বলেই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।” এর আগে ২০২৩ সালে ঢাকায় এসে ঝড় তুলেছিলেন লাকি আলি, তাই এবারও উন্মাদনা ছিল তুঙ্গে। বেশ কিছু স্থানীয় ব্যান্ডও এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল।
উল্লেখ্য, বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশে বস্ত্র শ্রমিকদের আন্দোলন সোমবার রাত থেকে হিংসাত্মক রূপ নেয়। বর্তমানে তাঁরা সাড়ে ১২ হাজার টাকা বেতন পান। কারখানা মালিকদের ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। এই বিক্ষোভের জেরে ৬৭০টি বস্ত্র কারখানা বন্ধ রাখতে হয়েছে। সোমবার সকালে ফরিদপুরে একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হলে ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় চালকের। এছাড়া নেত্রকোনায় ট্রেনে আগুন এবং বিভিন্ন জায়গায় ক্রুড বোমা হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।






