‘একদিন বাজি ফাটালে দূষণ হলে, তা কমেও যাবে’, দীপাবলির আতশবাজি নিয়ে যোগীর বার্তা
দূষণ নিয়ে উদ্বেগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি
Truth of Bengal: দীপাবলি ও ধনতেরাসে দেশজুড়ে আতশবাজি পোড়ানো নিয়ে বিতর্কের মাঝেই বাজি ফাটানোর পক্ষে সওয়াল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দূষণ নিয়ে উদ্বেগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি। তাঁর দাবি, বছরে একদিন সাধারণ মানুষ আনন্দ করে বাজি ফাটালে তাতে এমন কিছু সমস্যা হওয়ার কথা নয়, আর দূষণ তৈরি হলেও তা সময়ের সঙ্গে কমে যাবে। দীপাবলিতে মানুষের উৎসব উদযাপনের উচ্ছ্বাস দেখেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
বুধবার লখনউয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী বলেন, মানুষ যদি একদিন আতশবাজি ফাটান, তাহলে দূষণ নিয়ে এত উদ্বেগের কী আছে? তাঁর কথায়, দূষণ তৈরি হলে তা প্রশমিতও হয়ে যাবে। দীপাবলি উপলক্ষে মানুষ যেভাবে আনন্দ ও উৎসাহের সঙ্গে উৎসব পালন করেছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। তাঁর আরও দাবি, আতশবাজি পোড়ানো নিয়ে কোনও ধরনের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়নি উত্তরপ্রদেশের বিজেপি সরকার।
একইসঙ্গে দূষণ নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগও তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কিছু মানুষ নিজেদের দুর্নীতিমূলক কাজকর্মের মাধ্যমে গোটা ব্যবস্থাকেই দূষিত করে তুলছেন। অথচ তাঁদের নিয়ে তেমন প্রশ্ন ওঠে না। কিন্তু সাধারণ মানুষ বছরে একদিন আতশবাজি ফাটিয়ে আনন্দ করলেই দূষণের প্রসঙ্গ সামনে চলে আসে। এই মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দীপাবলির উদযাপন প্রসঙ্গে যোগী আরও বলেন, মানুষ যে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বাজি ফাটিয়ে উৎসব পালন করেছেন, তা দেখে তিনি আনন্দিত। তাঁর দাবি, রাজ্য সরকার কখনও দীপাবলি উদযাপনে বাধা দেওয়ার পক্ষপাতী ছিল না। বরং সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে এবং আনন্দের সঙ্গে উৎসবে শামিল হতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চেয়েছে সরকার।






