দেশ

“ব্রেক কাজ করছে না!” চালকের কেবিনের হাড়হিম লাইভ ভিডিও ভাইরাল

"ব্রেক কাজ করছে না, সিগন্যাল লাল!" চালকের শেষ চিৎকার আর বিকট শব্দ! সমাজমাধ্যমে ভাইরাল দুর্ঘটনার ভয়ঙ্কর লাইভ ভিডিও

Truth of Bengal: অসমের গুয়াহাটিতে চালকের কেবিনের ভেতর থেকে ক্যামেরাবন্দি হওয়া একটি ভয়ঙ্কর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে। গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরই মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে মিজোরামগামী কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ব্যারিকেডে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। দুর্ঘটনার ঠিক পূর্বমুহূর্তের সেই আশঙ্কাজনক ও রোমহর্ষক পরিস্থিতি ধরা পড়েছে ট্রেনের চালকের কেবিনে থাকা সিসিটিভি ক্যামেরায়।

এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে চালককে চরম আতঙ্কের মধ্যে বলতে শোনা যায়, “সিগন্যাল লাল! আপৎকালীন ব্যবস্থা কাজ করছে না, কোনও কিছুই কাজ করছে না!” কথা শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে ট্রেনটি এবং সঙ্গে সঙ্গেই রেললাইন থেকে ছিটকে পড়ে একাধিক বগি। (তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।)

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারু স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। অন্য একটি ট্রেনকে যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য এই ট্রেনটিকে লুপ লাইনে প্রবেশ করানো হচ্ছিল। সেই সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রেনটি সোজা ব্যারিকেডে ধাক্কা মারে। মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে রওনা দেওয়া ট্রেনটি বুধবার বিকেলে মিজোরামের সাইরাঙে পৌঁছানোর কথা ছিল।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং এনএফআর-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। লাইনচ্যুত কামরাগুলিতে আটকে পড়া আহত যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়। স্থানীয় সূত্রে দাবি, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত অত্যন্ত গুরুতর।

এদিকে, দুর্ঘটনার পর উদ্ধারকাজের ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন চরম বিপাকে পড়া যাত্রীদের একাংশ। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পৌঁছানো নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে ইঞ্জিন এবং ব্রেক বিকল হওয়াকেই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হলেও, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল প্রশাসন।

Related Articles