কলকাতার রাস্তায় এবার গোলাপ জল মেশানো জলের স্প্রে! দূষণ রুখতে কী জানালেন অগ্নিমিত্রা?
তাঁর দাবি, এতে একদিকে যেমন ধুলো ও দূষণ নিয়ন্ত্রণে সাহায্য মিলবে, অন্যদিকে শহরের রাস্তায় ছড়াবে সুগন্ধ
Truth of Bengal: কালীপুজোয় শব্দবাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, শব্দবাজি নিয়ন্ত্রণে পুলিশ যথেষ্ট তৎপর ছিল। পরিস্থিতির উপর নজর রাখতে তিনি নিজেও রাত ৩টে পর্যন্ত পুলিশের সঙ্গে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরেছেন। তবে প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও কিছু এলাকায় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বাজি ফাটানো হয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, “সব বাড়ির সামনে পুলিশ দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়।” একইসঙ্গে শহরের বায়ুদূষণ কমাতে গোলাপ জল মেশানো জল স্প্রে-সহ একাধিক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। অগ্নিমিত্রা জানান, দূষণ নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার উদ্যোগে নিয়মিত রাস্তাঘাটে জল ছড়ানো হয়। তবে দুর্গাপুজো, কালীপুজো ও ছটপুজোর মতো উৎসবের সময় সেই জলের সঙ্গে মেশানো হচ্ছে গোলাপ জল। তাঁর দাবি, এতে একদিকে যেমন ধুলো ও দূষণ নিয়ন্ত্রণে সাহায্য মিলবে, অন্যদিকে শহরের রাস্তায় ছড়াবে সুগন্ধ।
দূষণ মোকাবিলায় বৃক্ষরোপণের উপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন পুরমন্ত্রী। তাঁর মতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দূষণ কমানোর ক্ষেত্রে গাছের কোনও বিকল্প নেই। সেই লক্ষ্যেই স্কুলগুলিতে গাছ লাগানোর কর্মসূচি চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। সম্প্রতি এই বিষয়ে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনকে চিঠিও দিয়েছেন অগ্নিমিত্রা। মন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক পড়ুয়া যদি নিজের জন্মদিনে স্কুলে বা স্কুল চত্বরে অন্তত দু’টি করে গাছ লাগায় এবং সারা বছর সেগুলির পরিচর্যা করে, তাহলে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক গাছ লাগানো সম্ভব। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরি হবে বলেও মনে করছেন তিনি।
তবে দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, আগের সরকারগুলির আমলেও দূষণ নিয়ন্ত্রণে সমস্যা ছিল। বর্তমান সরকার বাজি ফাটানোর সময়সীমা নির্দিষ্ট করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কালীপুজোয় বাজির দাপট সামলাতে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। পুলিশের কর্মীসংখ্যা নিয়েও আগের সরকারের সমালোচনা করেন পুরমন্ত্রী। তাঁর অভিযোগ, বিগত সরকারের আমলে পুলিশে পর্যাপ্ত নিয়োগ হয়নি। বর্তমান সরকার পুলিশে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ করেছে বলেও দাবি করেন তিনি। তবে মন্ত্রীর বক্তব্য, প্রত্যেক বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা বাস্তবে সম্ভব নয়। তাই শব্দবাজি ও বায়ুদূষণ রুখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।






