রাজ্যের খবর

প্রাক্তন স্বামীর কাছে ফিরতে পথের কাঁটা! বড় ছেলের সামনেই একরত্তি সন্তানকে গলা টিপে খু*ন মায়ের

বড় ছেলের সামনেই ২ বছরের অবুঝ শিশুকে গলা টিপে খুন! মায়ের নৃশংসতায় স্তম্ভিত মথুরাপুর

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: প্রথম পক্ষের ১২ বছরের কিশোর ছেলের সামনেই দ্বিতীয় পক্ষের দুই বছরের শিশুপুত্রকে গলা টিপে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে! শুধু তাই নয়, খুন করার পর মৃতদেহটি বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার ফন্দিও এঁটেছিল অভিযুক্ত মা। কিন্তু শেষরক্ষা হয়নি। মায়ের সেই ভয়ংকর হুমকি ও নির্দেশ উপেক্ষা করে বড় ছেলে সব সত্যিটা বাড়ির লোকজনকে জানিয়ে দেওয়ায় পর্দাফাঁস হয় এই রোমহর্ষক ঘটনার। কালীপুজোর রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও চরম আতঙ্ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম কেতকী হালদার। বেশ কয়েক বছর আগে প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ১২ বছরের ছেলেকে নিয়ে রমেশ হালদারের সঙ্গে সম্পর্কে জড়ান কেতকী। রমেশও তাঁর আগের স্ত্রীকে ছেড়ে কেতকী ও তাঁর প্রথমপক্ষের সন্তানকে নিয়ে সংসার শুরু করেন। পরবর্তীতে রমেশ ও কেতকীর সংসারে জন্ম নেয় দুই বছরের শিশুপুত্র রক্তিম হালদার।

অভিযোগ, সোমবার রাতে হঠাৎই চরম নৃশংস হয়ে ওঠেন কেতকী। বড় ছেলের চোখের সামনেই দু’বছরের ছোট ভাই রক্তিমকে গলা টিপে খুন করেন তিনি। এরপর খুনের প্রমাণ লোপাট করতে শিশুটির দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত। এমনকি, ছোট ভাইকে খুনের কথা বা পুকুরে ফেলার চক্রান্ত কাউকে না জানানোর জন্য বড় ছেলেকে কড়া নির্দেশ ও হুমকিও দিয়েছিলেন ওই জননী। কিন্তু মায়ের এই পশুবৃত্তিমূলক আচরণ ও নৃশংসতা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে ১২ বছরের কিশোর। সে মুহূর্তের জন্যও চুপ না থেকে পরিবারের অন্য সদস্যদের সমস্ত ঘটনা খুলে বলে।

পরিবারের লোকজন ঘরে গিয়ে অবুঝ শিশুর মৃতদেহ দেখতে পেয়ে হতবাক হয়ে যান। খবর দেওয়া হয় মথুরাপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মা কেতকী হালদারকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে তোলা হয়েছে।

কিন্তু কেন নিজের কোলের সন্তানকে এমন নৃশংসভাবে খুন করল এক মা? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কেতকীর সঙ্গে তার প্রথম পক্ষের স্বামীর ফের যোগাযোগ তৈরি হয়েছিল এবং মোবাইলে কথা হত। তবে কি দ্বিতীয় পক্ষের সংসার ছেড়ে এবং ছোট সন্তানকে ‘পথের কাঁটা’ ভেবেই প্রথম পক্ষের কাছে ফিরে যাওয়ার ছক কষেছিল কেতকী? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। পুলিশ হেফাজতে নিয়ে অভিযুক্তকে জেরা করে এই হত্যাকাণ্ডের আসল রহস্য দ্রুত উদ্ঘাটন করতে চাইছে তদন্তকারী অফিসাররা।

Related Articles