বিনোদন

ভাইফোঁটার আনন্দের মাঝেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন টলিউড অভিনেতা সোহম

প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা ও তাঁর পরিবার

Truth of Bengal: ভাইফোঁটার উৎসব, চারদিকে আলোর রোশনাই আর আনন্দের আবহ। এমন এক আনন্দঘন দিনেই সোহম চক্রবর্তীর পরিবারে নেমে এল শোকের ছায়া। পিতৃহারা হলেন টলিউড অভিনেতা। প্রয়াত হলেন তাঁর বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা ও তাঁর পরিবার। সোহমের বাবার মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের আবহ তৈরি হয়েছে টলিপাড়ার অন্দরমহলেও।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন সুব্রত চক্রবর্তী। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল তাঁকে। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যমের কাছে সোহমের আপ্তসহায়কও এই মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। সোহমের জীবনে তাঁর বাবা ছিলেন শুধুই অভিভাবক নন, ছিলেন একেবারে বন্ধুর মতো। বাবার সঙ্গে অভিনেতার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ২০২১ সালে বাবার জন্মদিন বেশ ধুমধাম করেই পালন করেছিলেন সোহম। সেই বিশেষ দিনের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। আজ সেই আনন্দের ছবিগুলিই হয়ে রইল অমূল্য স্মৃতি।

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে আরও একবার বড় ধাক্কা খেলেন অভিনেতা। এমনিতেই ২০২৬ সালটা খুব একটা স্বস্তির যাচ্ছে না তাঁর। অভিনয় ও রাজনৈতিক জীবন—দুই ক্ষেত্রেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পাশাপাশি এক প্রযোজকের দায়ের করা আর্থিক প্রতারণার মামলাকে কেন্দ্র করেও আইনি জটিলতায় জড়িয়েছেন সোহম।এমন পরিস্থিতিতে বাবাকে হারানো নিঃসন্দেহে তাঁর জীবনের এক অপূরণীয় ক্ষতি। যে মানুষটি এতদিন ছিলেন ভরসা ও আশ্রয়, সেই বাবার অনুপস্থিতি এখন থেকে শুধুই স্মৃতিতে। উৎসবের দিনে এমন ব্যক্তিগত শোকের ঘটনায় সোহমের পরিবার ও ঘনিষ্ঠমহলে নেমে এসেছে গভীর শোক।

Related Articles