কলকাতা

অভিষেকের জন্মদিন ঘিরে কালীঘাটে অশান্তি! পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২

দুই যুবককে গ্রেফতার করা হয়েছে

Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে তৈরি হওয়া উত্তেজনার রেশ এখনও কাটেনি। শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় রবিবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে একবালপুরের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনায় মোট চারটি এফআইআর দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগে স্বতঃপ্রণোদিতভাবে দুটি মামলাও করেছে পুলিশ। তার মধ্যে একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই কালীঘাটের সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই ফুটেজ খতিয়ে দেখেই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত দেড়টা নাগাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে তাঁর অনুগামীরা জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন। অভিযোগ, সেই সময় পটুয়াপাড়ায় কালীপ্রতিমা আনতে আসেন কয়েকজন বিজেপি কর্মী। তাঁদের ঘিরে ‘চোর চোর’ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধস্তাধস্তি এবং পরে ইটবৃষ্টির ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলাকালীন পুলিশের উপরেও হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এরপর কয়েকজনকে আটক করে পুলিশ।

শুক্রবার রাতের ঘটনার প্রভাব পড়ে শনিবার সকালেও। অভিষেকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। এর ফলে কালীপুজোর প্রতিমা নিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কড়া বার্তা দেন তিনি। তাঁর হুঁশিয়ারি, বিজেপির হয়ে কাজ করলে পুলিশকর্মীদের পদোন্নতি নয়, বরং পদাবনতি হতে পারে। পাশাপাশি গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের গ্রেফতার করা হলে জেলখানা কিংবা থানাই দলের পার্টি অফিসে পরিণত হবে।

Related Articles