কলকাতা

“আর কোনো তোলাবাজি নেই!” শুভেন্দু সরকারের জমানায় শিল্পমহলে ফিরল স্বস্তির নিঃশ্বাস

এবার রাজ্যের শিল্পক্ষেত্রেও সেই বার্তার প্রতিফলন দেখা যাচ্ছে বলে দাবি শিল্পমহলের একাংশের

Truth of Bengal: ‘ভরসা ইন, ভয় আউট’—২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই স্লোগানকেই সামনে রেখে প্রচারে নেমেছিল বিজেপি। নির্বাচনে তৃণমূলকে হারিয়ে প্রথমবার বাংলার ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এবার রাজ্যের শিল্পক্ষেত্রেও সেই বার্তার প্রতিফলন দেখা যাচ্ছে বলে দাবি শিল্পমহলের একাংশের। তাঁদের বক্তব্য, বাংলায় ব্যবসা করতে গিয়ে আগের মতো তোলাবাজির সমস্যার মুখে পড়তে হচ্ছে না। ফলে বিনিয়োগের পরিবেশ নিয়ে নতুন করে আশাবাদী হচ্ছেন শিল্পপতিরা।

বৃহস্পতিবার ইকো পার্কে পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসারনীতি ২০২৬ প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিল্পপতিরা। তাঁদের কথায়, রাজ্যে তোলাবাজির সমস্যা অনেকটাই কমেছে। উল্লেখ্য, বিগত তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সময়ে শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে সিন্ডিকেটরাজ এবং তোলাবাজির অভিযোগ উঠেছিল। ক্ষমতায় আসার পর সেই ব্যবস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে নতুন সরকার।

এদিন শিল্পপতিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে কোনওভাবেই তোলাবাজি বা সিন্ডিকেটরাজ বরদাস্ত করা হবে না। আগে পান-সুপারি থেকে শুরু করে বড় শিল্প—বিভিন্ন ক্ষেত্রেই সিন্ডিকেটের দাপট ছিল বলে মন্তব্য করেন তিনি। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি তাঁর। আগামী দিনে কেউ ফের তোলাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

শিল্পপতিদের উদ্দেশে শুভেন্দু অধিকারীর বার্তা, ব্যবসা করতে গিয়ে কোথাও তোলাবাজির শিকার হলে চুপ করে না থেকে সরকারের নির্দিষ্ট অভিযোগ জানানোর নম্বরে ফোন করতে হবে। অভিযোগ পাওয়ার পর মাত্র ১৫ মিনিটের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি। শিল্পমহলের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় সরকার পাশে থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Related Articles