দেশ

ত্রিপুরায় ভয়ঙ্কর কাণ্ড! সীমান্তে পাচারকারীদের নৃশংস হামলায় রক্তাক্ত ৩ বিএসএফ জওয়ান

লাঠি হাতে জওয়ানদের ঘিরে ধরে মারধর, মাথায় আঘাত করে বন্দুক ছিনতাইয়ের চেষ্টা!

Truth of Bengal: ভারতের আন্তর্জাতিক সীমান্তে ফের ভয়াবহ হামলার ঘটনা! ত্রিপুরার বক্সনগর সীমান্তে পাচারকারীদের পৈশাচিক আক্রমণে গুরুতর জখম হয়েছেন অন্তত ৩ জন বিএসএফ জওয়ান। এই রক্তক্ষয়ী ও নজিরবিহীন সংঘর্ষের ঘটনায় গোটা রাজ্যজুড়ে চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় কঠোর পদক্ষেপ করে ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, সোমবার সকাল ৯টা নাগাদ ত্রিপুরার সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার বক্সনগর আশাবাড়ি এলাকায় কাঁটাতারের বেড়ার ১৭৪ ও ১৭৫ নম্বর গেটের মাঝখান দিয়ে অবৈধভাবে মাল পাচার চালাচ্ছিল একদল দুষ্কৃতী। পরিস্থিতি বেগতিক দেখে ৪৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের ধাওয়া করেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে হেফজুর রহমান নামের এক স্থানীয় যুবককে আটকানো হয়। অভিযোগ, এই সময় দুপক্ষের ধস্তাধস্তিতে ওই যুবকের পায়ে চোট লাগে।

এরপর আহত যুবককে বক্সনগর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু হাসপাতাল থেকে তাকে আশাবাড়ি নতুন বাজারে ফিরিয়ে আনতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পাচারকারীরা স্থানীয়দের উসকে দিয়ে বক্সনগর-রহিমপুর প্রধান রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রহিমপুর কাঁটামুড়া বিওপির তিন জন জওয়ান একটি গাড়িতে করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর আকস্মিক চড়াও হয় ক্ষিপ্ত জনতা ও পাচারকারীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আক্রমণকারীদের একটি বড় দল, যাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন, জওয়ানদের গাড়ি ঘিরে ধরে। জওয়ানদের ওপর নির্মম মারধর চালিয়ে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এমনকী, জওয়ানদের বন্দুক ছিনতাই করার এবং তাঁদের সরকারি গাড়িটি পুরোপুরি ভাঙচুর করার মতো চাঞ্চল্যকর ঘটনাও ঘটে। পরে আশাবাড়ি বিওপি থেকে অতিরিক্ত জওয়ানেরা ঘটনাস্থলে ছুটে এলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। কলমচৌড়া থানায় বিএসএফের পক্ষ থেকে মোট ১৮ জন অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। বর্তমানে গোটা সীমান্ত এলাকায় চরম থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ব্যাপক পুলিশ ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।

Related Articles