দেশ

Tripura: ধর্মীয় মেলার আড়ালে রাতভর জুয়ার আসর! ত্রিপুরা উদয়পুরে মাতাবাড়ী মেলা ঘিরে চাঞ্চল্য

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছরই মেলা প্রাঙ্গণে ঝান্ডি-মুন্ডা সহ বিভিন্ন ধরনের জুয়ার আয়োজন দেখা যায়।

বিক্রম কর্মকার, ত্রিপুরা: ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর মাতাবাড়ী–এলংবাড়ী ডুকমালি এলাকায় শ্যামা কালী মায়ের পুজোকে কেন্দ্র করে অমাবস্যা তিথিতে আয়োজিত বার্ষিক মেলাকে ঘিরে ফের চাঞ্চল্য। ধর্মীয় অনুষ্ঠান ও বিনোদনের পাশাপাশি রাতভর চলা জুয়ার আসরকে কেন্দ্র করে মেলায় উপস্থিত মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। অভিযোগ, পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কোনও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছরই মেলা প্রাঙ্গণে ঝান্ডি-মুন্ডা সহ বিভিন্ন ধরনের জুয়ার আয়োজন দেখা যায়। রাতভর চলে বেআইনি এই খেলা, যার ফলে বহু মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। উদয়পুর রাধাকিশোরপুর থানার এক সাব-ইন্সপেক্টর অজিত মিয়ার বিরুদ্ধে স্থানীয়রা অসহযোগিতা ও উদাসীনতার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, মেলায় জুয়ার আসর বসলেও অভিযুক্ত সাব-ইন্সপেক্টর কোনও ধরনের পদক্ষেপ নিচ্ছেন না।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাতে এলংবাড়ী মেলার কাছে ওই সাব-ইন্সপেক্টরকে ত্রিপুরা স্টেট রাইফেলসের কিছু জওয়ানের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে। অভিযোগ, জুয়ার আসর থেকে মাত্র কয়েক মিটার দূরে পুলিশ মোতায়েন থাকলেও কোনও অভিযান বা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়নি তারা।ফলে মেলায় জুয়া ব্যবসা রমরমিয়ে চলায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, প্রশাসনের নীরবতার কারণে বছর বছর এই বেআইনি কার্যকলাপ আরও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

Related Articles