রাজ্যের খবর

রাজনৈতিক হিংসায় নিহতদের স্বজনদের চাকরি, বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য এই প্রকল্পের আওতায় সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Truth of Bengal: গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নির্বাচনের সময় বা নির্বাচন পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য এই প্রকল্পের আওতায় সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, ছেলে কিংবা মেয়ে আবেদন করতে পারবেন। মৃত্যুর আগে আইনত দত্তক নেওয়া সন্তানরাও এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

এই প্রকল্পে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, কালেক্টরেট এবং অন্যান্য সরকারি অফিসে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে। আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চাকরির জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জেলাশাসকের কাছে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে মৃত ব্যক্তির শংসাপত্র, আবেদনকারীর সঙ্গে সম্পর্কের প্রমাণ, সংশ্লিষ্ট ঘটনার এফআইআর এবং অভিযুক্তের বিরুদ্ধে আদালতে জমা দেওয়া চার্জশিট। আবেদনকারীর যোগ্যতা যাচাই করবে স্ক্রিনিং কমিটি।

জেলা স্তরের স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে, ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফর্ম-বি পূরণ করে রাজ্য স্তরের কমিটির কাছে আবেদন জানানো যাবে।

বিজ্ঞপ্তিতে চাকরির পরেও কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। প্রকল্পের আওতায় চাকরি পাওয়া ব্যক্তিকে প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে ফর্ম-সি জমা দিতে হবে। সেখানে মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য নির্ভরশীল সদস্যদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করতে হবে।

Related Articles