স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমার সময়সীমা বাড়াল রাজ্য, শেষ দিন ৩০ নভেম্বর
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জ্যোতির্ময় দত্ত , কলকাতা: স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়াল রাজ্য সরকার। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আগে কার্ড জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর ধার্য করা হয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অর্থ দফতর সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে বহু সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের নথিভুক্ত সুবিধাভোগীরা কার্ড জমা ও প্রয়োজনীয় ঘোষণাপত্র পেশের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি। তাঁদের আরও এক মাস সময় দিতেই এই মেয়াদবৃদ্ধি।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর অর্থ দফতরের নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, সর্বভারতীয় পরিষেবা (এআইএস)-এর আধিকারিক এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (ডব্লিউবিএইচএস) নথিভুক্ত সুবিধাভোগীদের কাছে থাকা স্বাস্থ্যসাথী এবং/অথবা আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে নির্ধারিত ঘোষণাপত্র এবং কার্ড জমা দেওয়ার প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করতে বলা হয়েছিল।
তবে নতুন নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধু জমা দেওয়ার সময়সীমাই বাড়ানো হয়েছে। ৯ অক্টোবরের মূল নির্দেশিকার অন্যান্য শর্ত ও নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। বর্ধিত সময়সীমার মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্ত দফতরের প্রধান, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) এবং পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর।
ফলে যাঁরা এখনও স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড জমা দিতে পারেননি, তাঁরা ৩০ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় পাবেন।






