কলকাতা

“আদর্শ মানলেই নো প্রবলেম!” তৃণমূলত্যাগী নোতাদের বিজেপিতে স্বাগত জানিয়ে বিস্ফোরক দিলীপ

মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

Truth of Bengal: পুরভোটের আগে দলবদল নিয়ে বিজেপির অন্দরে ক্রমশ স্পষ্ট হচ্ছে মতপার্থক্য। তৃণমূল ছেড়ে আসা নেতাদের দলে নেওয়া নিয়ে কেউ আপত্তি তুলছেন, কেউ আবার পুরসভার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাঁদের স্বাগত জানানোর পক্ষে। এই টানাপড়েনের মাঝেই মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, অন্য দল থেকে বিজেপিতে যোগ দিতে চাইলে আপত্তির কোনও কারণ নেই। তবে নতুন আসা নেতারা গেরুয়া শিবিরের আদর্শ ও কার্যপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, তা খতিয়ে দেখা জরুরি।

সামনেই কলকাতা ও হাওড়ার পুরভোট। রাজনৈতিক মহলে জল্পনা, তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন। তাঁদের মধ্যে কয়েকজনকে পুরভোটে প্রার্থী করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। কিন্তু দলবদলুদের বিজেপিতে জায়গা দেওয়া নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশের অবস্থান বেশ কঠোর। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলত্যাগীদের জন্য দলে ‘নো এন্ট্রি’। তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলের যুক্তি, পুরসভা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরসভার কাজকর্ম সম্পর্কে যাঁদের গভীর ধারণা রয়েছে, তাঁদের দলে এনে প্রার্থী করার ক্ষেত্রে আপত্তি থাকার কথা নয়। এই বক্তব্য থেকেই স্পষ্ট, বিজেপির একাংশ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের দলে নেওয়ার পক্ষে।

মঙ্গলবার এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “রাজনীতিতে আবেগের কোনও জায়গা নেই। কংগ্রেস থেকে আসতে পারলে তৃণমূল থেকেও আসতে পারেন।” তবে শুধু দলবদল করলেই যে বিজেপিতে জায়গা নিশ্চিত, তা নয় বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। দিলীপের কথায়, “যাঁরা আসছেন, দেখতে হবে তাঁরা বিজেপির কার্যপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারবেন কি না। এসব ঠিক করার বিষয় পার্টির।”

Related Articles