কলকাতা

নারকেলডাঙা-বেলেঘাটায় প্রোমোটিং দুর্নীতি মামলা! হাই কোর্টে ধোপে টিকল না সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট

প্রাথমিক অনুসন্ধানের রিপোর্টের মাত্র একটি কপি জমা দেওয়ায় তা গ্রহণ করল না আদালত

Truth of Bengal: কলকাতার নারকেলডাঙা ও বেলেঘাটায় বেআইনি নির্মাণের আড়ালে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে রিপোর্ট জমা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। প্রাথমিক অনুসন্ধানের রিপোর্টের মাত্র একটি কপি জমা দেওয়ায় তা গ্রহণ করল না আদালত। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সময় এই ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গিয়েছে, ডিভিশন বেঞ্চে দু’জন বিচারপতি থাকায় নিয়ম অনুযায়ী রিপোর্টের দুটি কপি জমা দেওয়ার কথা। কিন্তু সিবিআইয়ের তরফে মাত্র একটি কপি পেশ করা হয়।

বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চে দু’জন বিচারপতি রয়েছেন, সেই বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জানা নেই কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আদালতের প্রশাসনিক নিয়ম ও প্রোটোকল মেনে রিপোর্ট জমা না দেওয়ায় সেটি ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ, নির্ধারিত নিয়ম মেনে রিপোর্ট নতুন করে পেশ করতে হবে। আগামী ডিসেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন বিস্তারিত ও চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে কলকাতার রাজাবাজার, বেলেঘাটা, মানিকতলা এবং ক্যানাল ইস্ট রোড সংলগ্ন এলাকায় ৫০টিরও বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অভিযোগ, বেআইনি নির্মাণের নেপথ্যে আর্থিক দুর্নীতির যোগ থাকতে পারে। বর্তমানে নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার অন্তত ৫৫টি বেআইনি নির্মাণ সংক্রান্ত নথি খতিয়ে দেখছে সিবিআই। তদন্তের স্বার্থে কলকাতা পুরসভার কাছে ৪২টি নির্মাণের নথিও তলব করা হয়েছে। এই পরিস্থিতিতে রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ত্রুটির কারণে আদালতের অসন্তোষের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ডিসেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।

Related Articles