প্যান্ডেল হপারদের জন্য সুখবর! পুজোর চার রাত শহরজুড়ে সারারাত চলবে মেট্রো
দুর্গাপুজোর ভিড় সামলাতে চার রাত ধরে প্রায় সারারাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো
Truth of Bengal: প্যান্ডেল হপিং করতে গিয়ে রাতে বাড়ি ফেরার চিন্তা এবার অনেকটাই কমল। দুর্গাপুজোর ভিড় সামলাতে চার রাত ধরে প্রায় সারারাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। দুই সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু এবং গ্রিন লাইনে রাতভর বিশেষ পরিষেবা মিলবে। ব্যস্ত সময়ে ব্লু লাইনে ৬ মিনিট এবং গ্রিন লাইনে ৮ মিনিট অন্তর ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। পুজোর দিনগুলিতে ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো এবং অরেঞ্জ লাইনে বিশেষ পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু লাইনে মোট ২৮৪টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে সকাল ৬টায় এবং শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১১টা পর্যন্ত। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন মিলবে। অন্যদিকে গ্রিন লাইনে ওই দুই দিনে মোট ২৪০টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এবার ক্যালেন্ডারে দু’দিন সপ্তমী পড়েছে। সেই কারণে দুই সপ্তমী, অষ্টমী ও নবমী—এই চার দিনই ব্লু ও গ্রিন লাইনে গভীর রাত পর্যন্ত পরিষেবা চালু থাকবে। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরিষেবা শুরু হবে এবং চলবে পরদিন ভোর ৪টে পর্যন্ত।
গ্রিন লাইনে ওই চার দিনে পরিষেবা শুরু হবে দুপুর দেড়টায়। ট্রেন চলবে পরদিন ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত। দশমীতেও থাকবে বিশেষ ব্যবস্থা। ব্লু লাইনে দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মোট ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৭৪টি ট্রেন চালানো হবে। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ১৫ মিনিট। ইয়েলো ও পার্পল লাইনেও পুজোর প্রতিদিন বিশেষ পরিষেবা মিলবে। তবে অরেঞ্জ লাইনে থাকছে বড় ব্যতিক্রম। এই লাইনে শুধুমাত্র পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে। দুই সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে অরেঞ্জ লাইনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।






