এখনও কাটেনি ফ্লাই দুবাই কাণ্ডের রেশ! কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি মেল
সূত্রের খবর, হুমকি মেল পাওয়ার পরপরই বিমানবন্দরের একাধিক অংশে সতর্কতা জারি করা হয়
Truth of Bengal: ফ্লাইদুবাই কাণ্ডের এক সপ্তাহের মধ্যেই এবার আতঙ্ক কলকাতা বিমানবন্দরে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আসে বোমা হুমকির মেল। দাবি করা হয়, বিমানবন্দরের ভিতরে বিস্ফোরক রাখা হয়েছে এবং যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। মেলটি নজরে আসতেই তৎপর হয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, হুমকি মেল পাওয়ার পরপরই বিমানবন্দরের একাধিক অংশে সতর্কতা জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এবং শুরু হয় চিরুনি তল্লাশি। CISF-এর পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য সংস্থাও তল্লাশিতে নামে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। ফলে প্রাথমিকভাবে এটি ভুয়ো হুমকি বা আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা আধিকারিকরা। হুমকি মেলটি কোথা থেকে পাঠানো হয়েছিল এবং এর নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খুঁজে বের করতে সাইবার বিশেষজ্ঞদেরও কাজে লাগানো হয়েছে। মেলের আইপি অ্যাড্রেস, সার্ভার এবং পাঠানোর উৎস শনাক্ত করার চেষ্টা চলছে।
সাম্প্রতিক সময়ে বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ফ্লাইদুবাইয়ের ইজরায়েলগামী বিমানে মাঝ আকাশে ঘটে যাওয়া ঘটনার পর আন্তর্জাতিক স্তরেও বিমানবন্দর ও উড়ানের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি হয়েছে। এই আবহে দেশের একাধিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কলকাতা বিমানবন্দরেও নজরদারি বাড়ানো হয়েছিল। তার মধ্যেই বৃহস্পতিবারের হুমকি মেল নতুন করে আতঙ্ক তৈরি করে। তবে আপাতত কোনও বিস্ফোরক না মেলায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবুও নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঢিলেমি দেওয়া হচ্ছে না। বিমানবন্দরের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে নজরদারি ও তল্লাশি জারি রয়েছে।






