দেশ

“গণহারে ভোটাধিকার কেড়ে নেওয়া অসাংবিধানিক ও স্বেচ্ছাচারী”: কড়া বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতির

১৩ কোটি মানুষের ভোটাধিকার সঙ্কটে! নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাঝেই সুপ্রিম কোর্টের বিচারপতির বিস্ফোরক অবস্থান

Truth of Bengal: দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ পড়া নিয়ে তীব্র বিতর্ক ও রাজনৈতিক আন্দোলনের আবহেই এক ঐতিহাসিক অবস্থান প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। রবিবার হায়দরাবাদের নালসার (NALSAR) আইন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে কোনও প্রক্রিয়া যা লক্ষ লক্ষ ভারতীয়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে অথবা তাঁদের নিজের দেশেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে প্রতিপন্ন করে, তা স্বভাবতই স্বেচ্ছাচারী ও বেআইনি।

বিচারপতি ভূঁইয়ার মতে, ভারতীয় সংবিধানে ভোটাধিকারপ্রাপ্ত বা ভোটাধিকারহীন, এমন কোনও দ্বিমুখী ধারণার জায়গা নেই। গণহারে দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা সংবিধানের সমতার অধিকার সংক্রান্ত ১৪ নম্বর ধারা এবং সর্বজনীন ভোটাধিকার সংক্রান্ত ৩২৬ নম্বর ধারাকে সরাসরি লঙ্ঘন করে। সংবিধানের রূপকার ড. বি আর অম্বেদকরের দৃষ্টিভঙ্গি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এক ব্যক্তি, এক ভোট নীতিই হল প্রকৃত সমতার মূল ভিত্তি। আমাদের দেশে একজন কোটিপতি এবং একজন রিকশাচালকের ভোটের মূল্য হুবহু সমান, এটাই ভোটাধিকারের সবচেয়ে বড় শক্তি।”

বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একক সিদ্ধান্তে দেশজুড়ে ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া চালানো এবং ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়া নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ আপত্তির তোয়াক্কা না করেই একাধিক বিতর্কিত নির্দেশিকা জারি করা হয়েছে। এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতির এই কড়া মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

যদিও নিজের বক্তব্যে নির্বাচন কমিশন বা নির্দিষ্ট কোনও প্রক্রিয়ার নাম সরাসরি উল্লেখ করেননি বিচারপতি। তবে তিনি জোর দিয়ে বলেন, সংবিধান প্রণেতারা হাজারো প্রতিবন্ধকতার মধ্যেও দেশবাসীর ওপর আস্থা রেখে সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করেছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার জন্য এই ভোটাধিকার রক্ষা করা আবশ্যিক। তাত্ত্বিক ও আইনি দৃষ্টিকোণ থেকে নাগরিকত্ব এবং ভোটাধিকার একে অপরের পরিপূরক, একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না।

Related Articles