রাজ্যসভার প্রার্থিপদ মেলার পরই বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, মোদি-শুভেন্দুকে ধন্যবাদ রঞ্জিত-কন্যার
রাজনীতির ময়দানে নতুন ইনিংস! রাজ্যসভার প্রার্থীর হাতে পদ্ম পতাকা তুলে দিল বিজেপির রাজ্য নেতৃত্ব!
Truth Of Bengal: কয়েক দিন ধরেই বঙ্গ রাজনীতিতে যে জল্পনা তুঙ্গে উঠেছিল, অবশেষে তাতে পূর্ণাঙ্গ সিলমোহর পড়ল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবার বিজেপির রাজ্য কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেয় শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য, তৃণমূলের ছাড়া ওই শূন্য আসনেই কোয়েল মল্লিককে নিজেদের রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রার্থীতালিকা প্রকাশের পরদিনই বিজেপির দলীয় কার্যালয়ে এসে গেরুয়া পতাকা হাতে তুলে নেন এই টলি-তারকা।
পতাকা গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে কোয়েল বলেন, “প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাঁরা আমার ওপর যে আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এটি একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ ও বড় কর্তব্য।”
রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে কোয়েল জানান, গত কয়েক মাসে বাংলায় উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা সাধারণ মানুষ হিসেবে তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বাবা রঞ্জিত মল্লিকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজনীতি বা সামাজিক বিষয় নিয়ে ছোটবেলা থেকেই বাবাকে নানা আলোচনা করতে শুনেছি। আগে পেপার খুললে মনে হত, এটা কেন হচ্ছে না, বা ওই উন্নয়নটা আটকে রয়েছে কেন? সাধারণ মানুষ হিসেবে আমরা যেসব ঘাটতি দেখে কেবল ‘ইস ইস’ করতাম, এই প্ল্যাটফর্মে এসে এবার সেই জায়গায় সরাসরি কিছু ইতিবাচক কাজ করতে চাই।”
বাংলা থেকে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে কাজের খোঁজে বাইরে চলে যাওয়া নিয়ে ক্ষোভ ও আফসোস প্রকাশ করেন কোয়েল। রাজ্যকে স্বনির্ভর ও উন্নত করতে শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ জোর দেওয়ার বার্তা দেন তিনি। সংসদের উচ্চকক্ষে সাধারণ মানুষের আওয়াজ তুলে ধরে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য বলে জানান বিজেপি প্রার্থী।





