“সুন্দরী ও শিক্ষিত মহিলা না আনলে ছাঁটাই!”, কাটোয়ায় বিজেপির নগর সভাপতির মন্তব্যে তুমুল হট্টগোল, ঘিরে ধরে বিক্ষোভ!
রাতভর ধুন্ধুমার কাটোয়া বিজেপি কার্যালয়ে! পুরনো কর্মীদের বাদ দেওয়ার চক্রান্তে কাঠগড়ায় সুমন দেবনাথ!
Truth of Bengal: ‘সুন্দরী ও শিক্ষিত মহিলাদের দলে না আনলে পুরনো মহিলা কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে’, বিজেপির কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে এমনই মারাত্মক মন্তব্যের অভিযোগ তুলে তোলপাড় শুরু হল দলীয় অন্দরে। এই মন্তব্যের প্রতিবাদে এবং নগর সভাপতির ইস্তফার দাবিতে রবিবার রাতে কাটোয়া শহরের বিজেপি কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখান ক্ষুব্ধ মহিলা ও পুরুষ নেতা-কর্মীদের একাংশ।
অভিযোগ, দলের পুরনো ও বিশ্বস্ত মহিলা কর্মীদের পেছনে ঠেলে সাম্প্রতিককালে দলে আসা নতুন এবং ‘সুন্দরী-শিক্ষিত’ মহিলাদের বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ জারি করেছিলেন সুমন দেবনাথ। শুধু তা-ই নয়, দলীয় কর্মসূচিতেও পুরনোদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ তৈরি হয়। এই ধরনের কুরুচিকর ও অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ কাটোয়া শহরের বিজেপি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বেশ কয়েকজন মহিলা নেত্রী ও কর্মী।
সেই সময় কার্যালয়ে অবস্থান করছিলেন কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথ। ক্ষুব্ধ কর্মীরা তাঁকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখতে থাকেন। নগর সভাপতির বিরুদ্ধে দলবিরোধী আচরণ, পুরনো কর্মীদের অপমান, মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য এবং কাটমানি নেওয়ার বিস্ফোরক অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। রাত পর্যন্ত কার্যালয় চত্বরে চলে প্রবল বাকবিতণ্ডা ও হট্টগোল।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই কাটোয়ার বিএলআরও (BLRO) দফতরের এক সরকারি কর্মীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা কাটমানি দাবি করার অভিযোগ উঠেছিল সুমন দেবনাথ-সহ স্থানীয় পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে। সেই বিতর্কের জল গড়াচ্ছিলই, তার মধ্যেই ফের এই অন্দরমহলের বিদ্রোহে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নগর সভাপতি সুমন দেবনাথ। তিনি বলেন, “কারও কোনও অভিযোগ থাকলে তা দলের কোর কমিটি বা উচ্চ নেতৃত্বকে জানানো উচিত। আমাকে হেনস্থা করে খবরের শিরোনামে আসার চক্রান্ত চলছে। এভাবে ভয় দেখিয়ে বা চমকিয়ে আমাকে পদ থেকে সরানো যাবে না।” এই নজিরবিহীন বিতর্ক ও দলীয় অসন্তোষ নিয়ে বিজেপির জেলা বা রাজ্য শীর্ষ নেতৃত্বের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






