রাজধানীতে নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত, স্বতঃপ্রণোদিত মামলা
সম্প্রতি গ্রেটার নয়ডা থেকে দিল্লিগামী একটি স্লিপার বাসে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
Truth of Bengal: দিল্লি-এনসিআরে সাম্প্রতিক সময়ে একের পর এক যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে। আদালতের পর্যবেক্ষণ, সাম্প্রতিক ঘটনাগুলির সঙ্গে ২০১২ সালের নির্ভয়া-কাণ্ডের ‘বেদনাদায়ক সাদৃশ্য’ দেখা যাচ্ছে।
শীর্ষ আদালতের মতে, সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার গুরুতর ঘাটতি সামনে এসেছে। পর্যাপ্ত আলো বা নজরদারির অভাবে পার্ক, বাসের মতো জনপরিসরকে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছে আদালত।
সম্প্রতি গ্রেটার নয়ডা থেকে দিল্লিগামী একটি স্লিপার বাসে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত, কারণ ২০১২ সালের নির্ভয়া-কাণ্ডেও চলন্ত বাসেই ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছিল।
এর পাশাপাশি দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন আস্থা কুঞ্জ পার্কে পুলিশ পরিচয় দিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগও সম্প্রতি সামনে এসেছে। ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরপর এমন ঘটনায় রাজধানীতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।






