‘বিগ বস বাংলা’য় চতুর্থ ওয়াইল্ড কার্ড ধামাকা! রাজবীর-জীতু-অনুষ্কার পর শনের প্রবেশ?
এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে জোর জল্পনা
Truth of Bengal: তিন-তিনটি দাপুটে ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর জমে উঠেছে ‘বিগ বস বাংলা’র তৃতীয় সিজন। রাজবীর দে, জীতু কামাল এবং অনুষ্কা ঘোষের প্রবেশে ঘরের সমীকরণ বদলে গিয়েছে অনেকটাই। সম্পর্কের টানাপোড়েন, নতুন বন্ধুত্ব থেকে শুরু করে রোজকার হাইভোল্টেজ ড্রামা—সবকিছুই এখন দর্শকের নজরে। এর মধ্যেই শুরু হয়েছিল চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে জোর জল্পনা। নাম উঠে আসে জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের। শো শুরুর আগে প্রোমোয় শনকে দেখা যাওয়ায় দর্শকের একাংশ ধরেই নিয়েছিলেন, কোনও না কোনও সময়ে তিনি ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করবেন। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের নাচের মহড়ার সময় পায়ে গুরুতর চোট পান অভিনেতা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। সেই কারণেই শোয়ের শুরু থেকে তাঁকে আর দেখা যায়নি।
বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শন। আর ঠিক তখনই নতুন করে ছড়িয়ে পড়ে জল্পনা—চোট কাটিয়ে এবার কি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ‘বিগ বস বাংলা’র ঘরে প্রবেশ করবেন তিনি? এই গুঞ্জনে আরও মাত্রা যোগ করেছে সৃজলা গুহর উপস্থিতি। ‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয়ের সময় শন ও সৃজলার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় একাধিকবার জল্পনা ছড়িয়েছিল। যদিও দু’জনেই সেই সময় নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবেই ব্যাখ্যা করেছিলেন। তা সত্ত্বেও দর্শকের একটি অংশ এখন ‘বিগ বস’-এর ঘরে শন ও সৃজলাকে একসঙ্গে দেখতে আগ্রহী। শেষ পর্যন্ত সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেই মুখ খুললেন শন বন্দ্যোপাধ্যায়। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ‘বিগ বস বাংলা’-য় তাঁর প্রবেশের কোনও পরিকল্পনা নেই।
শন বলেন, “‘বিগ বস বাংলা’য় আমার প্রবেশ নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। উত্তরটা হচ্ছে—না! আমি এই মুহূর্তে একটা গুরুতর চোট থেকে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছি। তবে ফিরব, একেবারে অন্যরকমভাবে।” অর্থাৎ আপাতত ‘বিগ বস বাংলা’র ঘরে শন বন্দ্যোপাধ্যায়ের ওয়াইল্ড কার্ড এন্ট্রির সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করলেন তিনি। তবে তাঁর শেষ কথাটাই এখন নতুন কৌতূহল তৈরি করেছে—“ফিরব, একেবারে অন্যরকমভাবে।” ঠিক কীভাবে ফিরছেন শন, সেটাই এখন অনুরাগীদের নতুন প্রশ্ন।




