Truth of Bengal: তিলোত্তমায় ফুটবলের আন্তর্জাতিক মহোৎসব! বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল এবং দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের ব্লকবাস্টার মেগা ম্যাচ উপলক্ষে একেবারে বিশ্বমানের মোড়কে ঢেলে সাজানো হল ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গন (Salt Lake Stadium)। আগামী শনিবার আন্তর্জাতিক স্তরের এই মহারণে মুখোমুখি হতে চলেছে দুই হেভিওয়েট দল। সেই ঐতিহাসিক লড়াইয়ের প্রাক্কালে সল্টলেক স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সমতুল্য করে তুলতে প্রশাসনিক তৎপরতা এখন চূড়ান্ত পর্যায়ে। শুধু মাঠের সংস্কারই নয়, বদলে গিয়েছে স্টেডিয়ামের রাজনৈতিক ও নান্দনিক দৃশ্যপটও। প্লেয়ারদের টানেলের দু’পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ফ্লেক্স সরিয়ে বসানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ছবি।
ব্রাজিল ও উরুগুয়ে দলকে অভূতপূর্ব অভ্যর্থনা জানাতে নতুন রঙে চাঙ্গা করা হয়েছে স্টেডিয়ামের প্রতিটি অংশ। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে যুবভারতীর ইতিহাসে প্রথমবার গ্যালারির প্রতিটি আসনে থাকছে নির্দিষ্ট নম্বর (Seat Numbering System)। অর্থাৎ, আর এলোমেলো ভিড় নয়, নির্দিষ্ট টিকিটের ভিত্তিতে সুনির্দিষ্ট আসনেই বসতে পারবেন ফুটবলপ্রেমীরা। পাশাপাশি দর্শক পরিষেবাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে আধুনিকীকরণ করা হয়েছে র্যাম্প, শৌচাগার এবং গ্যালারির লবিতে বসানো হয়েছে আধুনিক ফুড স্টল।
মাঠের পারফরম্যান্সে যাতে বিশ্বমানের তারকারা কোনও ত্রুটি না পান, তার জন্য ব্রাজিলের বিশেষজ্ঞ দলের গাইডলাইন মেনে মাঠের ঘাসের মান ঢেলে সাজানো হয়েছে। মূল মাঠের পাশাপাশি দু’টি ট্রেনিং গ্রাউন্ডও প্রস্তুত, যেখানে ভারতীয় তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলনে নামবেন ভিনিসিয়াস জুনিয়র ও ডারউইন নুনেজরা। এই পরিকাঠামোয় ব্রাজিলের প্রতিনিধি দলও শতভাগ সন্তোষ প্রকাশ করেছে।
অতীতে তৃণমূল জমানায় ঘটা ‘মেসিকাণ্ডে’র চরম প্রশাসনিক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান, নিরাপত্তা ব্যবস্থা, ভিড় সামলানো, দর্শকদের সুবিধা এবং নিরবচ্ছিন্ন যানবাহন নিয়ন্ত্রণ, এই চার দফায় জোরদার নজরদারি চালানো হবে।






