চোখের সামনে ভেঙে পড়ল আস্ত পর্বত! নেপালে প্রকৃতির তাণ্ডবে ২৪ জনের প্রাণহানি, নিখোঁজ বহু
তিব্বত সীমান্তে তুষারধসের পরদিনেই প্রলয়! এভারেস্টের দেশে একের পর এক মৃত্যুমিছিল
Truth of Bengal: প্রকৃতির রুদ্ররোষে ফের চরম বিপর্যয় নেমে এল হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপালে। মাসখানেক আগের বিধ্বংসী হড়পা বানের ক্ষত পুরোপুরি শুকানোর আগেই আবারও এক অলৌকিক ও ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গেল প্রতিবেশী দেশ। প্রবল বর্ষণের জেরে এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার আস্ত এক পাহাড়! অবিশ্বাস্য ও আশঙ্কাজনকভাবে সেই পাহাড়ের বিরাট অংশ সরাসরি এসে পড়ে নদীর তীরবর্তী লোকালয়ের উপর। সোমবার এই মর্মান্তিক বিপর্যয়ে অন্তত ২৪ জনের নির্মম মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।
প্রশাসন সূত্রের খবর, সোমবার ভয়ংকর এই বিপর্যয়টি ঘটেছে নেপালের ঐতিহ্যবাহী কালী গণ্ডকী নদী সংলগ্ন পার্বত্য এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি শিহরিত ভিডিওতে দেখা যায়, ছোটখাটো কোনও ধস নয়, যেন গোটা পাহাড়টির একাংশ এক নিমেষে উপড়ে এসে আছড়ে পড়ছে নিচের ঘরবাড়ির উপর। চোখের সামনে এমন বিভীষিকা দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন স্থানীয় অধিবাসীরা। ভয়ংকর এই দৃশ্য দেখে নেটিজেনরা স্তম্ভিত, কারণ এমন দৃশ্য বাস্তবে কল্পনা করাও অসম্ভব।
এদিনের এই ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানাং, মায়াগডি, বাগলুং, পর্বত এবং পল্পা অঞ্চল। লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে গিয়েই এই পর্বত ধস ঘটেছে বলে প্রাথমিক অনুমান। একাধিক বসতি ও পাকা বাড়ি মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। উদ্ধারকারী দল ও স্থানীয় সেনাবহিনী ইতিমেধ্যেই উদ্ধারকাজ শুরু করলেও নিহতের সংখ্যা আরও মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে উদ্ধারকারীরা।
উল্লেখ্য, এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ রবিবারই তিব্বত সীমান্ত সংলগ্ন হিমলাং হিমল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে এক ভয়াবহ তুষারধস নামে, যেখানে অন্তত ১০ জন অভিযাত্রী ও শেরপা নিখোঁজ হন। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই প্রলয়ংকরী পাহাড় ধসের ঘটনা ঘটল। এর আগে গত ২৬ আগস্টের নারকীয় হড়পা বানে নেপালে ১,৫০০-রও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল এবং পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ হন। একের পর এক প্রাকৃতিক তাণ্ডবে এখন কার্যত শ্মশানের স্তব্ধতা এভারেস্টের দেশে।






