ফের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কুনারে নিহত ৩
অন্যদিকে তালিবান সরকার নিহতদের সাধারণ নাগরিক বলে দাবি করে হামলার তীব্র নিন্দা করেছে এবং এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
Truth of Bengal: ফের উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। সোমবার ভোররাতে আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান কর্তৃপক্ষের দাবি, কুনারের নুরগল জেলায় একটি বাড়িতে হামলায় একই পরিবারের তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। পাকতিকার বারমাল জেলায় একটি দোকান ও একটি খালি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সেখানে হতাহতের খবর নেই।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, হামলার লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি এবং অভিযানে ২৮ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অন্যদিকে তালিবান সরকার নিহতদের সাধারণ নাগরিক বলে দাবি করে হামলার তীব্র নিন্দা করেছে এবং এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
দুই দেশের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই তলানিতে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP পাকিস্তানে হামলা চালাচ্ছে। কাবুল বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর একাধিক প্রাণঘাতী হামলার পর সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে।
নতুন এই বিমান হামলার ফলে সীমান্তে ফের পাল্টা সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে চলতি কূটনৈতিক মধ্যস্থতার ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন উঠেছে।






